আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

এমভিএনও সেবা পরীক্ষামূলকভাবে চালুর কার্যক্রম স্থগিত করল বিটিসিএল

আমার দেশ অনলাইন

এমভিএনও সেবা পরীক্ষামূলকভাবে চালুর কার্যক্রম স্থগিত করল বিটিসিএল

কয়েকদিন আগেই মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) সেবা নিয়ে সুসংবাদ দিয়েছিল বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। তবে হঠাৎ করেই দুঃসংবাদ দিলো প্রতিষ্ঠানটি।

এমভিএনও সেবা পরীক্ষামূলকভাবে চালুর কার্যক্রম স্থগিত করেছে বিটিসিএল। এমভিএনও সিম বাজারজাতকরণ বিষয়ে পরবর্তী সময়ে গ্রাহকদের অবহিত করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিটিসিএলের অফিসিয়াল ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

এতে বলা হয়েছে, বিটিসিএলের এমভিএনও সেবা পরীক্ষামূলকভাবে চালুর কার্যক্রম অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। বিটিসিএল এমভিএনও সিম বাজারজাতকরণের বিষয়ে সম্মানিত গ্রাহকদেরকে পরবর্তীতে জানানো হবে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি থেকে বিটিসিএলের এমভিএনও সিম এবং ভয়েস, ডেটা ও কনটেন্টসমন্বিত ট্রিপল-প্লে প্যাকেজ বাজারে ছাড়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল। প্রাথমিকভাবে রাজধানীর রমনা, গুলিস্তান ও গুলশান বিক্রয়কেন্দ্রে এই সেবা পাওয়ার কথা ছিল। কিন্তু আপাতত এই কর্মসূচি স্থগিত।

গত ৩ ফেব্রুয়ারি রাজধানীর রমনায় বিটিসিএলের কার্যালয়ে প্রথমবারের মতো এমভিএনও মডেলে আনলিমিটেড কোয়াড-প্লে সেবার পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করা হয়।

সংশ্লিষ্টরা জানান, এমভিএনও মডেলে নিজস্ব মোবাইল নেটওয়ার্ক অবকাঠামো ছাড়াই মোবাইল সেবা দেওয়া হয়। প্রাথমিক পর্যায়ে বিটিসিএল, টেলিটক বাংলাদেশ লিমিটেড-এর নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাহকদের সেবা দেওয়ার পরিকল্পনা করে।

উল্লেখ, গত বছরের ২৫ নভেম্বর সরকার বিটিসিএলকে পরীক্ষামূলকভাবে এমভিএনও নেটওয়ার্ক চালুর অনুমোদন দেয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন