সকালবেলা ঘুম থেকে ওঠে মোবাইল স্ক্রিনে ফেসবুক নোটিফিকেশন থেকে শুরু করে ব্যাংকিং, কেনাকাটা, পড়াশোনা, অফিসের কাজ কিংবা বিনোদনÑপ্রতিটি দিনই এখন কাটে ইন্টারনেটের দুনিয়ায়। প্রযুক্তির এই কল্যাণে আমাদের জীবন যেমন সহজ হয়েছে, তেমনি এক অদৃশ্য ডিজিটাল ঝুঁকির মুখোমুখির সম্মুখীন হচ্ছি। হ্যাকিং, ফিশিং, ম্যালওয়্যার, অনলাইন প্রতারণা কিংবা পরিচয় চুরি এখন প্রাত্যহিক জীবনের চেনা সংকট হয়ে দাঁড়িয়েছে। এই বাস্তবতায় সাইবার জগতের ফাঁদ থেকে নিজেকে ও নিজের পরিবারকে সুরক্ষিত রাখতে ‘ডিজিটাল নিরাপত্তা’ সম্পর্কে জানা এবং মেনে চলা সবচেয়ে জরুরি ও মৌলিক দক্ষতা।
কেন এটি জরুরি
সহজ ভাষায়, ডিজিটাল নিরাপত্তা হলো এমন কিছু নিয়ম, প্রযুক্তি এবং সচেতন অভ্যাসের সমন্বয়, যার মাধ্যমে ইন্টারনেটে ব্যবহৃত ব্যক্তিগত তথ্য, অনলাইন অ্যাকাউন্ট, ডিভাইস এবং ডিজিটাল পরিচয়কে সাইবার হামলা থেকে সুরক্ষিত রাখা যায়। ভার্চুয়াল জগতে আমাদের ইমেইল, মোবাইল নম্বর, জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ব্যাংক বা মোবাইল ব্যাংকিংয়ের পিন নম্বর এবং প্রাতিষ্ঠানিক গোপন নথির মতো স্পর্শকাতর তথ্য সংরক্ষিত থাকে। এই তথ্যগুলো কোনো ভুল মানুষের হাতে চলে গেলে বড় ধরনের আর্থিক ক্ষতি হতে পারে এবং ব্যক্তিগত তথ্যফাঁস, পরিচয় চুরি এবং মারাত্মক সামাজিক ও মানসিক বিপর্যয়ের সৃষ্টি হতে পারে। তাই অনলাইনে নিরাপদ থাকা কোনো তাত্ত্বিক বিষয় নয়, এটি ব্যক্তিগত নিরাপত্তারই একটি বর্ধিত অংশ।
সাইবার অপরাধের ফাঁদ ও ঝুঁকি
ফিশিং প্রতারণা : ভুয়া ইমেইল, এসএমএস কিংবা প্রলোভন দেখানো। ওয়েবসাইটের মাধ্যমে ব্যবহারকারীকে বিভ্রান্ত করে পাসওয়ার্ড বা ব্যাংকিং তথ্য হাতিয়ে নেওয়ার এক চতুর কৌশল।
হ্যাকিং ও ম্যালওয়্যার : অনেক সময় দুর্বল পাসওয়ার্ডের সুযোগ নিয়ে হ্যাকাররা অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেয়। আবার অনেক সময় ক্ষতিকর ভাইরাস বা র্যানসমওয়্যার ডিভাইসে প্রবেশ করিয়ে গুরুত্বপূর্ণ ফাইল লক করে অর্থ দাবি করা হয়।
পরিচয় চুরি ও আর্থিক ক্ষতি : আপনার অজান্তেই আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া অ্যাকাউন্ট খুলে অপরাধমূলক কাজ করা বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ আত্মসাৎ করার ঝুঁকি থাকে।
সুরক্ষিত অনলাইন জীবনের ৭টি নিয়ম
কয়েকটি সাধারণ কিন্তু কার্যকর অভ্যাস গড়ে তুললে সাইবার হামলার ঝুঁকি অনেকাংশে কমিয়ে আনা সম্ভব।
শক্তিশালী ও অনন্য পাসওয়ার্ড : একটি আদর্শ পাসওয়ার্ডে বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা এবং বিশেষ চিহ্নের (@, #, $ ইত্যাদি) মিশ্রণ থাকা উচিত।
টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) : সমস্ত গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টে টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখা। এর ফলে কেউ পাসওয়ার্ড জেনে গেলেও ওটিপি (OTP) বা সিকিউরিটি কোড ছাড়া লগ-ইন করতে পারবে না।
নিয়মিত সফটওয়্যার আপডেট : অপারেটিং সিস্টেম এবং ব্যবহৃত অ্যাপগুলোর সিকিউরিটি প্যাচ বা আপডেট কখনো এড়িয়ে না যাওয়া। এগুলো ডিভাইসের ভেতরের নিরাপত্তাজনিত ত্রুটিগুলো (Vulnerabilities) ঠিক করে।
সন্দেহজনক লিংকে ক্লিক না করা : লটারি জেতার বার্তা, অতি জরুরি তথ্যের তাগিদ বা অচেনা আইডি থেকে পাঠানো কোনো লিংকে ক্লিক করার আগে বারবার চিন্তা করা।
HTTPS যাচাই : যেকোনো ওয়েবসাইটে সংবেদনশীল তথ্য বা ইউজারনেম দেওয়ার আগে ইউআরএল (URL)-এর শুরুতে https:// এবং প্যাডলক (তালা) চিহ্নটি আছে কি না তা নিশ্চিত করা।
পাবলিক ওয়াই-ফাই : বাস টার্মিনাল, রেস্টুরেন্ট বা পার্কের উন্মুক্ত ওয়াই-ফাই নেটওয়ার্কে যুক্ত থাকা অবস্থায় ব্যাংকিং লেনদেন বা কোনো গোপন কাজ করা থেকে বিরত থাকা।
নিয়মিত ডেটা ব্যাকআপ : গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও ও নথিপত্র ক্লাউড স্টোরেজ কিংবা আলাদা এক্সটার্নাল ড্রাইভে ব্যাকআপ রাখা। এতে ডিভাইস ক্ষতিগ্রস্ত বা হ্যাক হলেও ডেটা হারানোর ভয় থাকে না।
শিশু ও প্রাতিষ্ঠানিক নিরাপত্তা
ডিজিটাল যুগে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা অভিভাবকদের অন্যতম বড় দায়িত্ব। ইন্টারনেটে অপরিচিত কারো সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, কারো প্ররোচনায় হুট করে দেখা করার সিদ্ধান্ত না নেওয়া এবং অভিভাবকের অনুমতি ছাড়া কোনো অ্যাপ ডাউনলোড না করা। বিভিন্ন অভ্যাস শিশুদের ছোটবেলা থেকেই শেখানো শুরু করা।
একইভাবে, যেকোনো ছোট বা বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানের জন্য সাইবার সিকিউরিটি অত্যন্ত সংবেদনশীল বিষয়। কারণ একটি মাত্র সাইবার হামলা পুরো প্রতিষ্ঠানের গ্রাহকের তথ্য ও আর্থিক নথি ধ্বংস করে সুনাম ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই প্রাতিষ্ঠানিক পর্যায়ে কর্মীদের সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।
ভুল ধারণা
অনেকে ভাবেন, ‘আমি তো সাধারণ মানুষ, আমাকে হ্যাক করে কার কী লাভ? জেনে রাখা ভালো, সাইবার অপরাধীরা কোনো নির্দিষ্ট ব্যক্তি দেখে আক্রমণ করে না, তারা মূলত ডেটা বা তথ্য খোঁজে। আপনার সাধারণ একটি প্রোফাইল ব্যবহার করে তারা অন্য বড় কোনো অপরাধের জাল বুনতে পারে। আবার অনেকে মনে করেন, শুধু একটি ভালো অ্যান্টিভাইরাস থাকলেই বুঝি সব নিরাপদ। বাস্তব সত্য হলোÑসচেতন আচরণ, শক্তিশালী পাসওয়ার্ড এবং সতর্ক চোখ ছাড়া শুধু সফটওয়্যার দিয়ে শতভাগ নিরাপত্তা অসম্ভব। প্রযুক্তি যত উন্নত হচ্ছে, সাইবার অপরাধীদের কৌশলেও তত পরিবর্তন আসছে। তাই এই ডিজিটাল মহাসড়কে নিরাপদে পথ চলা, সচেতন থাকা এবং নিয়মিত নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করাই সবচেয়ে কার্যকর প্রতিরোধ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

