একদিন হঠাৎ করে দেখা গেল ভিডিওতে আগের মতো ভিউ নেই। পোস্টে লাইক-কমেন্ট কমে গেছে। নতুন ফলোয়ারও আসছে না। অথচ কনটেন্ট আগের মতোই। অনেক নির্মাতার কাছে এই অভিজ্ঞতা পরিচিত। আর তখনই উঠে আসে একটি শব্দ ‘শ্যাডোব্যান’। এটি এমন এক অবস্থা, যেখানে আপনার কনটেন্ট পুরোপুরি বন্ধ করা হয় না, কিন্তু নীরবে তার পৌঁছানো সীমিত করে দেওয়া হয়। ফলে আপনি বুঝতেও পারেন না, ঠিক কী কারণে রিচ কমে গেল।
শ্যাডোব্যান আসলে সরাসরি ‘ব্যান’ নয়, বরং অ্যালগরিদমিক সীমাবদ্ধতা। যেমন Instagram, TikTok বা Facebook—এসব প্ল্যাটফর্ম ব্যবহারকারীর আচরণ ও কনটেন্টের মান বিশ্লেষণ করে। কোনো কনটেন্ট যদি তাদের নীতিমালা আংশিক লঙ্ঘন করে, স্প্যাম মনে হয় বা ব্যবহারকারীদের আগ্রহ কম পায়, তাহলে অ্যালগরিদম সেটিকে কম মানুষের সামনে দেখাতে শুরু করে। এটিই মূলত শ্যাডোব্যানের ধারণা। রিচ হঠাৎ কমে যাওয়ার অন্যতম কারণ হলো কনটেন্টের মান ও দর্শকের প্রতিক্রিয়া। একটি পোস্টে যদি মানুষ না থামে, দ্রুত স্কিপ করে যায় বা কোনো এনগেজমেন্ট না থাকে, তাহলে অ্যালগরিদম ধরে নেয়, কনটেন্টটি আকর্ষণীয় নয়। ফলে পরবর্তী পোস্টগুলোও কম দর্শকের কাছে পৌঁছায়। এখানে watch time, engagement rate ও retention—এই তিনটি বিষয় বড় ভূমিকা রাখে। আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন। অনেক সময় নির্মাতারা না বুঝেই কপিরাইটেড মিউজিক, বিভ্রান্তিকর তথ্য, অতিরিক্ত ক্লিকবেইট বা সংবেদনশীল কনটেন্ট ব্যবহার করেন। প্ল্যাটফর্ম তখন সরাসরি পোস্ট মুছে না ফেললেও তার রিচ কমিয়ে দেয়। ফলে ভিডিও আপলোড ঠিকই হয়, কিন্তু নতুন দর্শকের কাছে পৌঁছায় না।
হ্যাশট্যাগ ব্যবহারের ক্ষেত্রেও ভুল অনেক বড় সমস্যা তৈরি করে। একই হ্যাশট্যাগ বারবার ব্যবহার করলে এবং নিষিদ্ধ বা স্প্যাম হিসেবে চিহ্নিত হ্যাশট্যাগ ব্যবহার করলে অ্যালগরিদম সন্দেহপ্রবণ হয়ে ওঠে। এতে কনটেন্টের দৃশ্যমানতা কমে যায়। একইভাবে খুব দ্রুত অনেক পোস্ট করা বা অস্বাভাবিক অ্যাক্টিভিটি (যেমন একসঙ্গে অতিরিক্ত লাইক/ফলো) অ্যাকাউন্টকে ‘বট’ বা স্প্যাম হিসেবে চিহ্নিত করতে পারে। তবে সবসময়ই শ্যাডোব্যানই কারণ নয়। অনেক সময় প্ল্যাটফর্মের অ্যালগরিদম আপডেট, ট্রেন্ড পরিবর্তন বা দর্শকের আগ্রহ বদলানোর কারণেও রিচ কমে যেতে পারে। কনটেন্টের ধরন যদি দর্শকের বর্তমান চাহিদার সঙ্গে মিল না পায়, তাহলে স্বাভাবিকভাবেই এনগেজমেন্ট কমে যায়। এই পরিস্থিতি থেকে বের হওয়ার উপায় হলো ধৈর্য ও কৌশল। কনটেন্টের মান উন্নত করা, নতুন আইডিয়া নিয়ে কাজ করা, দর্শকের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং প্ল্যাটফর্মের নীতিমালা মেনে চলা—এসবই ধীরে ধীরে রিচ ফিরিয়ে আনতে সাহায্য করে। কিছু সময় বিরতি নিয়ে আবার নিয়মিত ও পরিকল্পিতভাবে পোস্ট করাও কার্যকর হতে পারে। সবশেষে বলা যায়, শ্যাডোব্যান কোনো রহস্যময় শাস্তি নয়, এটি অ্যালগরিদমের প্রতিক্রিয়া। আপনি যেভাবে কনটেন্ট তৈরি ও শেয়ার করেন, অ্যালগরিদম তার ভিত্তিতেই সিদ্ধান্ত নেয়। তাই রিচ কমে গেলে আতঙ্কিত না হয়ে কারণ খুঁজে বের করা এবং কৌশল বদলানোই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

