রাঙামাটির কাপ্তাই উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদ ভবনের ‘কিন্নরী’ সভাকক্ষে ইউএনও মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে এ সভা হয়।
সভায় কাপ্তাই ও চন্দ্রঘোনা থানার প্রতিনিধিরা জানান, বর্তমানে কাপ্তাই উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রয়েছে। তবে কাপ্তাই ও চন্দ্রঘোনা ইউনিয়নে কিছুটা মাদক সমস্যা দেখা দিয়েছে, যা নিয়ন্ত্রণে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদ সভায় বলেন, যে দলেরই লোক হোক না কেন, মাদক দ্রুত নিয়ন্ত্রণ করতে হবে।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবির হোসেন জানান, গত ২৮ আগস্ট চট্টগ্রাম থেকে আসা চারজন পর্যটক কাপ্তাইয়ের সুউচ্চ ‘সীতার পাহাড়’ এ উঠে আটকে পড়েন। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল করে সাহায্য চাইলে কাপ্তাই ফায়ার সার্ভিস তাদের পাহাড় থেকে উদ্ধার করে নিরাপদে নিয়ে আসে।
তিনি উল্লেখ করেন, ওই এলাকায় বুনো হাতির আক্রমণের আশঙ্কা ছিল এবং পর্যটকেরা কাউকে না জানিয়েই পাহাড়ের চূড়ায় উঠেছিলেন। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেখানে সচেতনতামূলক সাইনবোর্ড দেওয়ার প্রস্তাব করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষণিকভাবে ওয়াগ্গা ইউপি চেয়ারম্যানকে সাইনবোর্ড স্থাপনের নির্দেশনা দেন। একই সাথে পর্যটকদের সতর্ক করার বিষয়টি স্থানীয় নৌকা ও সাম্পান মাঝিদের অবহিত করতে কমিটির সদস্যদের অনুরোধ জানানো হয়।
সভায় আরো বক্তব্য দেন আইনশৃঙ্খলা কমিটির সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান দিলদার হোসেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ইয়াছিন মামুন, কাপ্তাই জামায়াতে ইসলামীর আমির মুহাম্মদ হারুনুর রশীদসহ মাসিক আইনশৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

