স্মার্ট হাইড্রোজেল প্রযুক্তি

মাসুদুল ইসলাম

স্মার্ট হাইড্রোজেল প্রযুক্তি

তথ্য নিরাপত্তা ও জালিয়াতি প্রতিরোধে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন গবেষকরা। সম্প্রতি Shanghai Jiao Tong University-এর একদল বিজ্ঞানী এমন একটি স্মার্ট হাইড্রোজেল প্রযুক্তি তৈরি করেছেন, যা আলো, তাপমাত্রা, পিএইচ এবং বিভিন্ন তরলের প্রতিক্রিয়ায় রঙ পরিবর্তন করতে সক্ষম।

গবেষকদের দাবি, ভবিষ্যতে এই প্রযুক্তি নকল প্রতিরোধ, নিরাপদ তথ্য সংরক্ষণ এবং উন্নত সিকিউরিটি লেবেল তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গবেষণায় ব্যবহৃত বিশেষ ‘অ্যান্টি-ওপাল স্ট্রাকচারাল কালার হাইড্রোজেল’ কোনো রাসায়নিক রঙ ব্যবহার করে না। বরং ন্যানোস্ট্রাকচারের বিন্যাসের মাধ্যমে উজ্জ্বল রঙ তৈরি করে। ফলে এই রঙ সহজে ফিকে হয় না এবং পরিবেশ অনুযায়ী পরিবর্তিত হতে পারে।

বিজ্ঞাপন

গবেষকরা জানিয়েছেন, অতিবেগুনি (UV) আলো ব্যবহার করে হাইড্রোজেলের ভেতরে ভিন্ন ভিন্ন অংশে আলাদা মাত্রার ক্রসলিংক তৈরি করা হয়েছে। এর ফলে একই ফিল্মে বিভিন্ন রঙের জটিল প্যাটার্ন তৈরি সম্ভব হয়েছে। এমনকি মাত্র ১৫ মাইক্রোমিটার প্রস্থের সূক্ষ্ম নকশাও তৈরি করা গেছে, যা প্রচলিত নিরাপত্তা প্রযুক্তির তুলনায় অনেক বেশি উন্নত। এই প্রযুক্তির আরেকটি বিশেষ দিক হলো ‘ডায়নামিক এনক্রিপশন’। নির্দিষ্ট তরল, তাপমাত্রা বা পিএইচ পরিবর্তনের মাধ্যমে লুকানো তথ্য দৃশ্যমান করা যায়। উদাহরণ হিসেবে গবেষকরা দেখিয়েছেন, সাধারণ অবস্থায় অদৃশ্য থাকা একটি কিউআর কোড বিশেষ পরিবেশে দৃশ্যমান হয়ে উঠতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তি ভবিষ্যতে উচ্চমানের প্যাকেজিং, পরিচয়পত্র, ব্যাংকিং নিরাপত্তা এবং গোপন তথ্য সংরক্ষণে বিপ্লব ঘটাতে পারে। পাশাপাশি স্মার্টফোন বা ইলেকট্রনিক সেন্সরের সঙ্গে যুক্ত করে তাৎক্ষণিক যাচাই ব্যবস্থাও তৈরি করা সম্ভব হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...