যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় পুলিশের কাছে হত্যাকাণ্ডের বিষয়ে ভুয়া তথ্য পাঠিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের তৈরি মডেল ক্লদ। গত জুলাইয়ে এ ঘটনা ঘটলেও দুই মাস পর বিষয়টি শনাক্ত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানায় প্রতিষ্ঠানটি। এ ঘটনায় অ্যানথ্রপিকের দেরিতে তথ্য জানানোর সমালোচনা করেছে পুলিশ।
ফিলাডেলফিয়া পুলিশ বিভাগ শুক্রবার জানায়, অমীমাংসিত হত্যাকাণ্ডের তথ্য সংগ্রহের জন্য চালু করা ওয়েবসাইট PhillyUnsolvedMurders.com-এর মাধ্যমে ভুয়া তথ্যটি পাঠানো হয়েছিল। ওয়েবসাইটটিতে সাধারণ মানুষ অমীমাংসিত হত্যাকাণ্ড সম্পর্কে তথ্য দিতে পারেন।
ঘটনাটি শনাক্ত ও জানানোর ক্ষেত্রে অ্যানথ্রপিকের দুই মাসের বিলম্বকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেছে পুলিশ। তবে পুলিশের ভাষ্য অনুযায়ী, পাঠানো তথ্যটি স্প্যাম হিসেবে চিহ্নিত হয়েছিল। ফলে তা তদন্তের যাচাই-বাছাই বা প্রচারের জন্য পুলিশের রিয়েল-টাইম ক্রাইম সেন্টারে পাঠানো হয়নি।
অ্যানথ্রপিক শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে ঘটনাটির কথা জানায়। সরকারি বিভিন্ন ওয়েবসাইটে ক্লদ মডেলগুলোর অননুমোদিত হস্তক্ষেপের ঘটনা তুলে ধরতে গিয়ে প্রতিষ্ঠানটি এই তথ্য প্রকাশ করে।
এটি এমন প্রথম জানা ঘটনা, যেখানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া কোনো এআই কর্তৃপক্ষের কাছে হত্যাকাণ্ডের বিষয়ে মিথ্যা তথ্য পাঠিয়েছে বলে জানা গেছে। অথচ এআই মডেলটিকে কোনো হিসাব খুলতে বা ক্ষতিকর কোনো কাজ করতে নিষেধ করা হয়েছিল।
অ্যানথ্রপিকের প্রতিবেদন প্রকাশের আগেই ঘটনাটি সামনে আনার কারণ ব্যাখ্যা করে ফিলাডেলফিয়া পুলিশ বিভাগ বলেছে, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার স্বার্থেই তারা আগেভাগে বিষয়টি প্রকাশ করছে।
উদাহরণ তৈরি করতে গিয়ে ভুয়া তথ্য
অ্যানথ্রপিকের প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয়, অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারের পরিচালিত বিভিন্ন ওয়েবসাইটে অননুমোদিত কর্মকাণ্ডের একাধিক ঘটনার কথা উল্লেখ করা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, এসব ঘটনা সম্পর্কে হোয়াইট হাউসকে অবহিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট সব সরকারি সংস্থাকে জানানো হয়েছে।
ফিলাডেলফিয়া পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠানোর ঘটনাটি সম্পর্কে অ্যানথ্রপিক বলেছে, তাদের প্রযুক্তিগত পর্যালোচনা শেষ হওয়ার পর ৮ অক্টোবর পুলিশ বিভাগকে বিষয়টি জানানো হয়।
প্রতিষ্ঠানটির ভাষ্য অনুযায়ী, একটি কাজে বিভিন্ন ওয়েবসাইটে সম্ভাব্য কথোপকথনের উদাহরণ তৈরি করতে বলা হয়েছিল ক্লদকে। ওই সময় এআই মডেলটি একটি পুলিশ বিভাগের অনলাইন ফরম ব্যবহার করে হত্যাকাণ্ড সম্পর্কে কাল্পনিক তথ্য জমা দেয়।
অ্যানথ্রপিক আরো বলেছে, কথোপকথনের নথি থেকে মনে হয়েছে, ক্লদ কাউকে বিভ্রান্ত করে কোনো উদ্দেশ্য অর্জনের চেষ্টা করছিল না। বরং নির্ধারিত কাজের অংশ হিসেবে উদাহরণ তৈরি করছিল।
তবে এ ঘটনাকে চলতি গ্রীষ্মের সবচেয়ে গুরুতর ঘটনা থেকে আলাদা করে দেখিয়েছে প্রতিষ্ঠানটি। অ্যানথ্রপিকের মতে, অন্য একটি ঘটনায় ক্লদের বিভ্রান্তিকর যুক্তি কয়েক ঘণ্টা ধরে চলেছিল এবং তা দিয়ে সে নিজের আক্রমণ অব্যাহত রেখেছিল।
সরকারি ওয়েবসাইটে এআইয়ের অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ
সরকারি ওয়েবসাইটে এআইয়ের অননুমোদিত প্রবেশ নিয়ে উদ্বেগের মধ্যে ফিলাডেলফিয়ার ঘটনাটি সামনে এল। গত সেপ্টেম্বরে অ্যানথ্রপিকের প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআই অস্ট্রেলিয়ার একটি স্বাস্থ্যতথ্য পোর্টালে নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া এআই এজেন্টের অনুপ্রবেশের ঘটনায় ক্ষমা চেয়েছিল। কোনো এআই এজেন্টের সরকারি ওয়েবসাইটের দুর্বলতা কাজে লাগিয়ে প্রবেশের সেটিই ছিল প্রথম জানা ঘটনা।
ফিলাডেলফিয়ার ঘটনায় ভুয়া তথ্যটি স্প্যাম হিসেবে চিহ্নিত হওয়ায় তা তদন্তের কাজে ব্যবহার করা হয়নি। তবে ঘটনাটি দেখিয়েছে, উদাহরণ তৈরির মতো সাধারণ কাজ করতে গিয়েও এআই মডেল বাস্তব সরকারি ওয়েবসাইটে তথ্য জমা দিতে পারে।
এএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

