ইরানের সঙ্গে সম্পর্ক, সিঙ্গাপুরের কোম্পানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের সঙ্গে সম্পর্ক, সিঙ্গাপুরের কোম্পানিতে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
ফাইল ছবি

ইরানের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে সিঙ্গাপুরভিত্তিক পণ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান ওয়েলব্রেড ক্যাপিটালের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রতিষ্ঠানটির সঙ্গে ইরানের প্রয়াত এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তার ছেলের সম্পৃক্ততারও অভিযোগ করেছে ওয়াশিংটন।

সোমবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের ফরেন অ্যাসেটস কন্ট্রোল অফিস (ওএফএসি) তাদের ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় বলেছে, ওয়েলব্রেড ক্যাপিটাল মূলত মোহাম্মদ হোসেইন শামখানির নিয়ন্ত্রণে পরিচালিত হয়। তিনি ট্যাংকার ও পণ্যবাহী জাহাজের একটি বড় বহর পরিচালনা করেন। এসব জাহাজের মাধ্যমে ইরান ও রাশিয়ার তেল বিশ্বের বিভিন্ন ক্রেতার কাছে পরিবহন করা হয়।

মোহাম্মদ হোসেইন শামখানি ইরানের জ্যেষ্ঠ নৌ কর্মকর্তা ও রাজনীতিক আলি শামখানির ছেলে। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা বিমান হামলায় আলি শামখানি নিহত হন। ওই হামলার মধ্য দিয়েই চলমান যুদ্ধ শুরু হয়।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ওয়েলব্রেড ক্যাপিটালের দুবাই ও জেনেভার শাখাও নিষেধাজ্ঞার আওতায় পড়েছে। ফ্রান্সে প্রতিষ্ঠানটির একটি জৈব জ্বালানি শোধনাগারও এ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

ওয়াশিংটনের ভাষ্য, ইরানের মূল ব্যবসায়িক নেটওয়ার্কের বাইরে ওয়েলব্রেড ক্যাপিটাল গড়ে তুলেছিলেন শামখানি। তবে প্রতিষ্ঠানটি কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে তার নিয়ন্ত্রণ রয়েছে।

ইরান থেকে তেল ও অর্থ বিদেশে সরিয়ে নিতে সহায়তা করছে—এমন অভিযোগে বিভিন্ন প্রতিষ্ঠান ও সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে অভিযান চালাচ্ছে, তার অংশ হিসেবেই ওয়েলব্রেড ক্যাপিটালের ওপর এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন অর্থ মন্ত্রণালয়।

এএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন