বর্তমান জীবনে কাজ, পড়াশোনা, বিনোদন ও সামাজিক যোগাযোগ—সব ক্ষেত্রেই স্মার্টফোনের ব্যবহার বেড়েছে। ফলে দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে অনেকেই চোখ জ্বালা, শুষ্কতা, ঝাপসা দেখা, মাথাব্যথা এবং ঘুমের সমস্যার মতো নানা অস্বস্তিতে ভোগেন। তবে ফোনের কয়েকটি ডিসপ্লে সেটিংস পরিবর্তন করলে এসব সমস্যা অনেকটাই কমানো সম্ভব।
ব্লু লাইট ফিল্টার বা নাইট মোড চালু রাখুন
রাতের সময় ফোনের স্ক্রিন থেকে নির্গত নীল আলো চোখের ক্লান্তি বাড়াতে পারে এবং ঘুমের স্বাভাবিক ছন্দে ব্যাঘাত ঘটাতে পারে। তাই সন্ধ্যার পর ব্লু লাইট ফিল্টার বা নাইট মোড ব্যবহার করলে স্ক্রিনের রং কিছুটা উষ্ণ হয়, যা চোখের জন্য তুলনামূলক আরামদায়ক।
ডার্ক মোড ব্যবহার করুন
কম আলোযুক্ত পরিবেশে উজ্জ্বল স্ক্রিন চোখে অতিরিক্ত চাপ সৃষ্টি করে। এ অবস্থায় ডার্ক মোড চালু করলে স্ক্রিনের ঝলকানি কমে এবং দীর্ঘ সময় ফোন ব্যবহার করলেও চোখের অস্বস্তি কিছুটা হ্রাস পায়। বিশেষ করে রাতের বেলায় এটি বেশ কার্যকর।
অ্যাডাপ্টিভ ব্রাইটনেস চালু করুন
একই মাত্রার ব্রাইটনেস সব পরিবেশে উপযোগী নয়। অ্যাডাপ্টিভ ব্রাইটনেস চালু থাকলে আশপাশের আলোর সঙ্গে মিলিয়ে ফোন স্বয়ংক্রিয়ভাবে স্ক্রিনের উজ্জ্বলতা সমন্বয় করে। এতে অতিরিক্ত উজ্জ্বল বা ম্লান স্ক্রিনের কারণে চোখের ওপর চাপ কম পড়ে।
ফন্ট ও ডিসপ্লে সাইজ বাড়িয়ে নিন
খুব ছোট অক্ষর পড়তে গেলে চোখকে বেশি পরিশ্রম করতে হয়। তাই প্রয়োজন অনুযায়ী ফন্ট সাইজ ও ডিসপ্লে স্কেল কিছুটা বড় করে নিলে লেখা পড়া সহজ হয় এবং চোখ দ্রুত ক্লান্ত হয় না।
স্ক্রিন টাইমআউট কমিয়ে রাখুন
ফোন ব্যবহার না করলেও অনেক সময় স্ক্রিন দীর্ঘক্ষণ চালু থাকে। স্ক্রিন টাইমআউটের সময় কমিয়ে রাখলে নির্দিষ্ট সময় পর স্ক্রিন স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এতে অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম কমবে, ব্যাটারি সাশ্রয় হবে এবং চোখও কিছুটা বিশ্রাম পাবে।
শুধু সেটিংস পরিবর্তন করলেই যথেষ্ট নয়
বিশেষজ্ঞদের মতে, চোখ সুস্থ রাখতে নিয়মিত বিরতি নেওয়াও সমান গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে ২০-২০-২০ নিয়ম অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়। অর্থাৎ প্রতি ২০ মিনিট পর অন্তত ২০ সেকেন্ডের জন্য ২০ ফুট দূরের কোনো বস্তুর দিকে তাকানো উচিত। পাশাপাশি পর্যাপ্ত আলোতে ফোন ব্যবহার করা এবং ঘুমানোর ঠিক আগে দীর্ঘ সময় স্ক্রিনে না তাকানোর অভ্যাস গড়ে তুললে চোখের ওপর চাপ কমে এবং দীর্ঘমেয়াদে চোখ সুস্থ রাখতে সহায়তা করে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


