বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে গ্যাসের রাইজারে আগুন

বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে গ্যাসের রাইজারে আগুন
বজ্রপাতে বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে গ্যাসের রাইজারে আগুন। ছবি: আমার দেশ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাড়িতে গ্যাসের রাইজারে বজ্রপাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বুধবার দুপুরে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হলে মন্ত্রীর সিরাজগঞ্জ পৌর এলাকার হোসেনপুর আল মাহমুদ এভিনিউ এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, দুপুরের দিকে সিরাজগঞ্জে বৃষ্টির সঙ্গে বেশ কয়েক দফা বজ্রপাত হচ্ছিল। এরই মধ্যে মন্ত্রীর বাড়ির প্রবেশ পথে গেটের পাশে থাকা গ্যাসের রাইজারে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে গ্যাসের রাইজার ফেটে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সেখানে আগুনের শিখা দেখা দিলে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

খবর পেয়ে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসা বা গ্যাস লাইনের কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

প্রত্যক্ষদর্শী সোহেল আব্বাস বলেন, বৃষ্টির সময় বজ্রপাত হচ্ছিল। এসময় বিকট শব্দে বজ্রপাত বিদ্যুৎ মন্ত্রীর বাড়ির প্রবেশপথে গেটের পাশে বসানো গ্যাসের রাইজারের ওপর পড়লে আগুন বের হতে শুরু করে। আগুনের শিখা দেখে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলেন।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বলেন, দুপুর সোয়া ১টার দিকে বিদ্যুৎ মন্ত্রীর বাড়িতে আগুন লাগার খবর পাই। দ্রুত আমরা ঘটনাস্থলে এসে আগুন নিভিয়ে ফেলি। বাসার গেটের পাশে থাকা গ্যাসের রাইজারে বজ্রপাতের কারণে আগুনের সূত্রপাত হয়েছে বলে গেটম্যান তাদের জানিয়েছেন।

মন্ত্রীর বাড়ির গেটম্যান শফি বলেন, বাড়ির প্রবেশ পথে গেটের পাশেই গ্যাসের রাইজারটি স্থাপন করা ছিল। দুপুরে বৃষ্টির সময় বজ্রপাত শুরু হলে গ্যাসের রাইজারের উপর বজ্রপাত পড়লে আগুনের সূত্রপাত হয়। রাইজারের পাশে কোন স্থাপনা ছিল না। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে আসায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন