মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের কাঠালবাড়ি এলাকায় পুকুরে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টার দিকে বাড়ির পাশে খেলাধুলার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো—কাঠালবাড়ি এলাকার মহিউদ্দিন মোল্লার ছেলে রায়হান মোল্লা ও মহাসিন মোল্লার ছেলে ইব্রাহিম মোল্লা। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা সম্পর্কে চাচাতো ভাই।
স্থানীয় বাসিন্দারা জানান, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল দুই শিশু। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সজীব মোল্লা পুকুরে নেমে তাদের খুঁজতে থাকেন। বেশ কিছুক্ষণ খোঁজার পর তিনি ইব্রাহিম মোল্লাকে উদ্ধার করেন। পরে আরও কয়েকজন পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। কিছুক্ষণ পর রায়হান মোল্লাকেও উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, পুকুর থেকে উদ্ধারের পর দুজনকেই বাঁচানোর জন্য তাদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এসময় কর্তব্যরত চিকিৎসক কান্তা দাস তাদেরকে মৃত ঘোষণা করেন।
দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে গভীর শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ঘটনার বিষয়ে পুলিশ বা প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

