শিক্ষার্থীদের জ্ঞানচর্চাকে উৎসাহিত করা, সাহিত্য ও সংস্কৃতির বিকাশ এবং মননশীল প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ‘আমার দেশ পাঠকমেলা’র মাদারীপুর শাখার ২০২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়েছে। ৫ অক্টোবর প্রকাশিত এক অনুমোদনপত্রের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। আগামী এক বছর অথবা নতুন পূর্ণাঙ্গ কমিটি গঠনের পূর্ব পর্যন্ত এ পরিষদ দায়িত্ব পালন করবে।
নবগঠিত পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট নুর এ আলম হাওলাদার এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রিয়াজুল। সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আবুল কালাম আজাদ হিমেল। কমিটিতে সাংগঠনিক সম্পাদক কাজী আবু বকর জনি, দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার নাহিম আমিন এবং সহ-দপ্তর সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন আবু তালহা রাফিন।
এছাড়া অর্থ সম্পাদক রায়হান আহমেদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. কামরুল হাসান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক সিয়াম আহমেদ, নারী এবং শিশুবিষয়ক সম্পাদক রাবেয়া সুলতানা তিথি, পাঠাগার ও পাঠচক্রবিষয়ক সম্পাদক তাহসিন মাহমুদ, সাংস্কৃতিক সম্পাদক জীম রহমান, সহ-সাংস্কৃতিক সম্পাদক মো. ইমতিয়াজ হাসান এবং স্বাস্থ্য ও সামাজিক সেবা সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সুমন বেপারি। পাশাপাশি নির্বাহী সদস্য হিসেবে যুক্ত রয়েছেন আরো অনেকে।
নতুন এই পরিষদ দায়িত্ব গ্রহণের মাধ্যমে মাদারীপুরের শিক্ষার্থীদের পাঠচর্চায় আরো সক্রিয়ভাবে সম্পৃক্ত করার উদ্যোগ নেবে। শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি, নিয়মিত পাঠচক্র আয়োজন, সাহিত্য আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, জ্ঞানভিত্তিক সভা-সেমিনার ও সৃজনশীল কার্যক্রম পরিচালনার মাধ্যমে একটি প্রাণবন্ত জ্ঞানচর্চার পরিবেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
সংগঠনটির দায়িত্বশীলরা মনে করেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিয়মিত বই পড়া ও জ্ঞানচর্চা শিক্ষার্থীদের চিন্তাশক্তি, বিশ্লেষণী সক্ষমতা এবং সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি সাহিত্য ও সংস্কৃতির সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ততা তাদের মননশীলতা এবং নেতৃত্বের দক্ষতা বিকাশেও সহায়ক হবে। মাদারীপুর জেলা শাখার নতুন এই পরিষদ শিক্ষার্থীদের পাঠভিত্তিক ও জ্ঞাননির্ভর কার্যক্রমের সুযোগ আরো বিস্তৃত করবে।
‘আমার দেশ পাঠকমেলা’ একটি পাঠ ও জ্ঞানচর্চাভিত্তিক সংগঠন হিসেবে তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সাহিত্যচর্চার প্রসার, মুক্তচিন্তার বিকাশ এবং সমাজ ও দেশ সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের শুধু পাঠক হিসেবেই নয়, বরং চিন্তাশীল, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য।
এরই ধারাবাহিকতায় মাদারীপুর জেলা শাখার নতুন কার্যনির্বাহী পরিষদ আগামী দিনগুলোতে বিভিন্ন পাঠচক্র, বই আলোচনা, সাহিত্যসভা, সাংস্কৃতিক আয়োজন ও শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে। একই সঙ্গে শিক্ষার্থীদের পারস্পরিক জ্ঞান ও চিন্তার আদান-প্রদানের সুযোগ তৈরি এবং পাঠাভ্যাসকে নিয়মিত চর্চায় রূপ দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।
নবগঠিত পরিষদের অনুমোদনপত্রে ‘আমার দেশ পাঠকমেলা’র কেন্দ্রীয় পরিষদের সভাপতি মো. সাজ্জাদ হোসেন ইউনুস এবং সাধারণ সম্পাদক মো. রাহাতুল ইসলাম স্বাক্ষর করেন। অনুমোদনপত্রে নতুন পরিষদের সদস্যদের নিষ্ঠা, দায়িত্বশীলতা ও সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মাদারীপুর জেলা শাখার কার্যক্রমকে আরো গতিশীল, সংগঠিত ও কার্যকর করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
নতুন পরিষদের এই যাত্রার মাধ্যমে মাদারীপুরে একটি সমৃদ্ধ পাঠসংস্কৃতি গড়ে উঠবে এবং শিক্ষার্থীরা সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চার সঙ্গে আরো নিবিড়ভাবে যুক্ত হতে পারবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

