বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে বরাদ্দকৃত সহায়তা সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, সরকার তাৎক্ষণিক সহায়তা দিলেও শিক্ষাপ্রতিষ্ঠান উন্নয়ন, প্রতিবন্ধীদের সহায়তা ও পুনর্বাসনের মতো দীর্ঘমেয়াদি কাজে এনজিও ও বেসরকারি খাতকে যুক্ত করা হচ্ছে।
রোববার সকালে চট্টগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন সহায়তা প্রকল্প উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, সরকারের পক্ষে একা সবকিছু সঠিকভাবে বিতরণ করা কঠিন। এতে দুর্নীতি ও অপচয়ের সুযোগ থাকে। বিতরণব্যবস্থায় বেসরকারি খাত ও এনজিওকে যুক্ত করলে কাজ আরও দক্ষ হয় এবং অপচয় ও দুর্নীতি কমে আসে।
তিনি আরো বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন কার্যকর পদ্ধতির মাধ্যমে সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে। ব্র্যাকসহ বিভিন্ন সংস্থার এই অংশীদারত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ প্রকৃত পুনর্বাসন নিশ্চিত না হলে মানুষের প্রতি প্রকৃত সহায়তা করা হয় না।
গত জুলাইয়ের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়িসহ ১০টি জেলায় ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে প্রায় ৮ লাখ ৬৬ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়।
এইচএসবিসি ব্যাংকের অর্থায়নে ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। ২০২৬ সালের ২৬ জুলাই থেকে শুরু হওয়া এই প্রকল্প ২০২৭ সালের ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এর আওতায় বাঁশখালী, সাতকানিয়া, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩৮ নম্বর ওয়ার্ড এবং কক্সবাজারের চকরিয়ায় বিভিন্ন পুনর্বাসন কার্যক্রম পরিচালিত হবে।
প্রকল্পের আওতায় ৪০০ পরিবারকে ল্যাট্রিন নির্মাণ, ৩০টি টিউবওয়েল পুনর্বাসন, ২৫০ পরিবারকে ঘর মেরামত, ৩০০ পরিবারকে জীবিকা সহায়তা এবং ৬০০ পরিবারকে কৃষি উপকরণ দেওয়া হবে। এ ছাড়া ৫০টি বিদ্যালয় পুনর্বাসন ও ১০ হাজার শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ প্রদান করা হবে। একই সঙ্গে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও স্বাস্থ্যবিধি বিষয়ে ৩০০টি সচেতনতামূলক সেশন আয়োজন করা হবে।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম মিঞা, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আমিরুল হক চৌধুরী এবং সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

