মিসরের আল-আজহারে উচ্চশিক্ষা: বাংলাদেশিদের জন্য ২৪টি বৃত্তি

মিসরের আল-আজহারে উচ্চশিক্ষা: বাংলাদেশিদের জন্য ২৪টি বৃত্তি

ইসলামি শিক্ষার প্রাচীন ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মিসরের আল-আজহার বিশ্ববিদ্যালয়। কোরআন, হাদিস ও ইসলামি আইনশাস্ত্রের পাশাপাশি এখানে পড়ানো হয় বিজ্ঞান, চিকিৎসা, প্রকৌশল, অর্থনীতি ও ব্যবসায় শিক্ষার মতো আধুনিক বিষয়ও। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আল-আজহার আল-শরিফ ইনস্টিটিউটে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য রয়েছে ২৪টি বৃত্তির সুযোগ। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে এসব বৃত্তির জন্য আবেদন করতে পারবেন যোগ্য শিক্ষার্থীরা।

প্রায় এক হাজার বছরের জ্ঞানচর্চার কেন্দ্র

বিজ্ঞাপন

মিসরের রাজধানী কায়রোতে অবস্থিত আল-আজহার বিশ্বের প্রাচীনতম ও প্রভাবশালী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি। ৯৭১ খ্রিষ্টাব্দে ফাতেমি খিলাফতের শাসনামলে কোরআন ও ইসলামি আইনশাস্ত্র শিক্ষার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ সময় ধরে এটি মুসলিম বিশ্বের জ্ঞানচর্চা, ধর্মীয় শিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে আল-আজহারের শিক্ষাব্যবস্থায়ও এসেছে ব্যাপক পরিবর্তন। ১৯৬১ সালে মিসরের সাবেক প্রেসিডেন্ট জামাল আবদেল নাসেরের উদ্যোগে আল-আজহারকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়। এর ফলে প্রথাগত ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক বিভিন্ন বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হয়। বর্তমানে এখানে ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান, ফার্মেসি, চিকিৎসাবিজ্ঞান, প্রকৌশল, কৃষিসহ নানা বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে।

আল-আজহারের শিক্ষা কার্যক্রমের বিস্তৃতিও উল্লেখযোগ্য। প্রতিষ্ঠানটির অধীনে রয়েছে বিপুলসংখ্যক শ্রেণিকক্ষ, শিক্ষক ও শিক্ষার্থী। বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করছেন। বিদেশি শিক্ষার্থীদের অংশগ্রহণও প্রতিষ্ঠানটির আন্তর্জাতিক পরিচিতিকে আরো সমৃদ্ধ করেছে।

বাংলাদেশিদের জন্য ২৪টি বৃত্তি

আল-আজহারে পড়াশোনার আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য নতুন সুযোগ নিয়ে এসেছে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বৃত্তি কার্যক্রম। এ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২৪টি বৃত্তি দেবে মিসর সরকার।

এর মধ্যে স্নাতক পর্যায়ে ১৮টি এবং মাস্টার্স পর্যায়ে ছয়টি বৃত্তি বরাদ্দ রয়েছে। এসব বৃত্তির জন্য আগ্রহী ও যোগ্য বাংলাদেশি শিক্ষার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ।

মন্ত্রণালয়ের বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার বিজ্ঞপ্তি অনুযায়ী, ৩ নভেম্বর থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আবেদন করা যাবে ১৭ নভেম্বর ২০২৬ রাত ১২টা পর্যন্ত। তবে শুধু অনলাইনে আবেদন করলেই হবে না, নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রের হার্ড কপিও জমা দিতে হবে। হার্ড কপি জমা দেওয়ার শেষ সময় ১৮ নভেম্বর ২০২৬, বিকাল সাড়ে ৩টা।

আবেদনের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র

বৃত্তির জন্য আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের কয়েকটি নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আরবি ভাষার প্রাথমিক জ্ঞান। প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে আরবি ভাষায় দক্ষতাকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তাই যাদের আরবি ভাষায় দক্ষতার সনদ রয়েছে, তারা অগ্রাধিকার পেতে পারেন।

আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে—

১. সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদ, সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত।

২. আবেদনকারীর জন্মনিবন্ধনের মূল কপি। এতে মায়ের নাম ও জাতীয়তা উল্লেখ থাকতে হবে এবং সনদটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে।

৩. সম্প্রতি তোলা ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি।

৪. কমপক্ষে ছয় মাস মেয়াদ রয়েছে—এমন মূল পাসপোর্ট।

৫. সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।

৬. আবেদনকারীর শারীরিক ও মানসিক সুস্থতার বিষয় উল্লেখ করে চিকিৎসকের দেওয়া মেডিকেল সার্টিফিকেট, যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সত্যায়িত হতে হবে।

৭. পিসিআর পরীক্ষায় নেগেটিভ ফলের সনদ, সত্যায়িত কপি।

এছাড়া অনলাইনে আবেদন সম্পন্ন করার পর আবেদনপত্রের প্রিন্ট কপি, শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্র, পাসপোর্টের ফটোকপি, জাতীয় পরিচয়পত্র, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, আরবি ভাষায় দক্ষতার সনদ এবং সংশ্লিষ্ট অন্যান্য নথির সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে।

যেভাবে করবেন আবেদন

বৃত্তির জন্য আবেদন করতে প্রথমে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত অনলাইন লিংকে প্রবেশ করতে হবে। সেখানে প্রয়োজনীয় ব্যক্তিগত ও শিক্ষাগত তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে। আবেদন করার সময় ঢাকায় অবস্থিত মিসরের দূতাবাস থেকে প্রকাশিত নির্দেশনা ও গাইডলাইন অনুসরণ করতে হবে।

অনলাইনে আবেদন শেষ হলে পূরণ করা ফরমের প্রিন্ট কপি এবং প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি একসঙ্গে প্রস্তুত করতে হবে। এরপর নির্ধারিত স্থানে গিয়ে এসব নথি জমা দিতে হবে।

কাগজপত্র জমা দেওয়ার স্থান বাংলাদেশ সচিবালয়ের ২ নম্বর গেটসংলগ্ন অভ্যর্থনাকক্ষ। সেখানে নির্ধারিত বাক্সে আবেদনপত্র ও প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত কাগজপত্র জমা নেওয়া হবে। ১৮ নভেম্বর ২০২৬ বিকাল সাড়ে ৩টার পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও আবেদন জমা দিলে তা বিবেচনা করা হবে না।

আবেদনের খামের ওপর প্রেরক ও প্রাপকের নাম-ঠিকানা, আইডি বা ট্র্যাকিং নম্বর এবং আবেদন করা প্রোগ্রামের নাম স্পষ্টভাবে লিখতে হবে।

প্রাপকের ঠিকানা হবে : উপসচিব, বৃত্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখা, কক্ষ নম্বর ১৭০৬, ভবন নম্বর ৬, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

আবেদনের আগে যেসব বিষয়ে সতর্ক থাকবেন

আবেদনকারীদের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা হলো, আরবি ভাষায় দক্ষতার সনদ থাকলে তা আবেদনের সঙ্গে জমা দিতে হবে। কারণ প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে এ দক্ষতাকে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়া যেসব শিক্ষার্থী এরই মধ্যে অন্য কোনো সরকারি বৃত্তির জন্য মনোনীত হয়েছেন, তাদের এ বৃত্তির জন্য আবেদন না করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন