যুক্তির আলোয় আলোকিত তারুণ্য

যুক্তির আলোয় আলোকিত তারুণ্য

শিক্ষার্থীদের সৃজনশীলতা, নেতৃত্ব, বিশ্লেষণী দক্ষতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম হলো সহশিক্ষা কার্যক্রম। আর এই কার্যক্রমগুলোর মধ্যে বিতর্ক একটি গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ অনুশীলন। বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা শুধু কথা বলার দক্ষতাই অর্জন করে না, বরং যুক্তি, তথ্য ও বিশ্লেষণের ভিত্তিতে নিজের মতামত উপস্থাপন করতে শেখে। ফলে তাদের মধ্যে গড়ে ওঠে আত্মবিশ্বাস, সহনশীলতা এবং ভিন্নমতকে সম্মান করার মানসিকতা। সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের বিতর্ক সংগঠন ‘মুক্তমত বিতর্ক অঙ্গন’ শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ক্লাবটির মূল স্লোগান—‘যুক্তির আলোয় কাটুক আঁধার, মুক্তমতের জয় হোক সবার।’

এই স্লোগানকে ধারণ করে ক্লাবের সদস্যরা নিয়মিত বিতর্কচর্চার মাধ্যমে নিজেদের দক্ষতা ও জ্ঞানের পরিধি সমৃদ্ধ করছে। এখানে শিক্ষার্থীরা পাবলিক স্পিকিং, সমসাময়িক বিভিন্ন বিষয়ে মুক্ত আলোচনা, যুক্তি উপস্থাপন এবং শ্রোতাদের সামনে আত্মবিশ্বাসের সঙ্গে বক্তব্য দেওয়ার প্রশিক্ষণ লাভ করে। অনেক শিক্ষার্থী যারা শুরুতে জনসম্মুখে কথা বলতে সংকোচবোধ করত, তারা নিয়মিত অনুশীলনের মাধ্যমে সেই ভয় কাটিয়ে দক্ষ বক্তায় পরিণত হচ্ছে।

বিজ্ঞাপন

ক্লাবটির কার্যক্রম পরিচালনায় সার্বিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ উইং কমান্ডার মো. আব্দুল হান্নান, পিএসসি। তার নেতৃত্ব ও উৎসাহ শিক্ষার্থীদের বিতর্কচর্চায় আরো বেশি আগ্রহী করে তুলেছে। পাশাপাশি প্রতিষ্ঠানের কয়েকজন নিবেদিতপ্রাণ শিক্ষক শিক্ষার্থীদের সহযোগিতা করে যাচ্ছেন, যাতে তারা বিতর্ককে জ্ঞানচর্চা ও ব্যক্তিত্ব বিকাশের একটি কার্যকর মাধ্যম হিসেবে গ্রহণ করতে পারে।

‘মুক্তমত বিতর্ক অঙ্গন’ শুধু নিয়মিত বিতর্ক আয়োজনেই সীমাবদ্ধ নয়। ক্লাবের সদস্যরা বিভিন্ন ডিবেট সেশন, সাপ্তাহিক অধিবেশন, আন্তঃক্লাব প্রতিযোগিতা, প্রশিক্ষণ কর্মশালা এবং সমসাময়িক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা সভায় অংশগ্রহণ করে। এসব আয়োজন শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে এবং বৈশ্বিক নানা ইস্যু সম্পর্কে সচেতন হতে সহায়তা করে।

ক্লাবটির সদস্যরা ইতোমধ্যে বিভিন্ন জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্যের স্বাক্ষর রেখেছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আয়োজিত জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা নিজেদের যোগ্যতার পরিচয় দিয়েছে। এছাড়া ২০২৬ সালের ২১ জুন বিটিভিতে প্রচারিত জনপ্রিয় অনুষ্ঠান ‘টিফিনের আড্ডা’য় ক্লাবের শিক্ষার্থীরা একটি প্রাণবন্ত প্রীতি বিতর্ক উপস্থাপন করে দর্শকদের প্রশংসা অর্জন করে।

পরিবেশবিষয়ক বিভিন্ন বিতর্ক ও প্রতিযোগিতায়ও ক্লাবের সদস্যরা সফলতার সঙ্গে অংশগ্রহণ করেছে। বাংলাদেশ বেতারসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আয়োজিত প্রতিযোগিতায় তাদের সক্রিয় উপস্থিতি শিক্ষার্থীদের প্রতিভা ও দক্ষতার প্রমাণ বহন করে। আরো গৌরবের বিষয় হলো, ‘ফুলকুঁড়ি বিতর্ক উৎসব শিশু পার্লামেন্ট-২৬’ অনুষ্ঠানে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজের তিনজন শিক্ষার্থী শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হওয়ার কৃতিত্ব অর্জন করেছে।

বর্তমান যুগে শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই যথেষ্ট নয়; প্রয়োজন যুক্তিবোধ, বিশ্লেষণ ক্ষমতা, নেতৃত্বগুণ ও আত্মবিশ্বাস। ‘মুক্তমত বিতর্ক অঙ্গন’ সেই লক্ষ্যেই শিক্ষার্থীদের প্রস্তুত করছে। যুক্তির চর্চা, মুক্ত চিন্তার বিকাশ এবং দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার পথে এই ক্লাব শিক্ষার্থীদের জন্য এক নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

নিশ্চয়ই বলা যায়, ‘মুক্তমত বিতর্ক অঙ্গন’ শুধু একটি ক্লাব নয়; বরং যুক্তি, জ্ঞান ও নেতৃত্ব বিকাশের এক প্রাণবন্ত শিক্ষাঙ্গন, যেখানে শিক্ষার্থীরা শিখছে চিন্তা করতে, যুক্তি দিতে এবং সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ়তার সঙ্গে কথা বলতে।

সিনিয়র শিক্ষক, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা, ঢাকা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন