শহীদ আসিফের গ্রামের বাড়িতে নর্দান ইউনিভার্সিটির প্রতিনিধি দল

শহীদ আসিফের গ্রামের বাড়িতে নর্দান ইউনিভার্সিটির প্রতিনিধি দল

স্বৈরাচারবিরোধী গণ আন্দোলনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ-এর ইংরেজি বিভাগের শিক্ষার্থী আসিফ হাসানের গ্রামের বাড়ি সাতক্ষীরা দেবহাটায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার নর্দান ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি প্রতিনিধিদল তার গ্রামের বাড়িতে উপস্থিত হয়।

বিজ্ঞাপন

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন এনইউবির ইংরেজি বিভাগের প্রধান সহকারী অধ্যাপক মোহাম্মদ শিহাব উদ্দীন, সহযোগী অধ্যাপক জসিম উদ্দীন, বিভাগের সমন্বয়ক সহকারী অধ্যাপক শাখাওয়াত, প্রভাষক ওমর ফারুক, সহকারী পরিচালক (অ্যাডমিশন) মাহমুদুল হাসান, আসিফের বন্ধু শাহ আলম ও ইয়াসিন। আরও উপস্থিত ছিলেন আসিফ হাসানের বাবা মাহমুদ আলমসহ তার পরিবারের সদস্যবৃন্দ।

প্রতিনিধিদল এদিন দুপুর সোয়া ১২টায় পৌঁছে শহীদ আসিফের কবর জিয়ারত করেন। এ সময় শহীদ আসিফসহ জুলাই আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন এনইউবি'র প্রভাষক ওমর ফারুক। এরপর এনইউবি'র প্রতিনিধিদলের উপস্থিতিতে জুমার নামাজের পর শত শত মুসল্লিদের অংশগ্রহণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। ফেরার পথে এনইউবির প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আব্দুল্লাহর সম্মানিত বাবা-মায়ের কবর জিয়ারত করেন।

এদিকে শহীদ আসিফ হাসানের স্মরণে শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. লে. কর্নেল (অব.) সরদার মাহমুদ হোসেন, ডিন, বিভাগীয় প্রধানগণ, শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী।

অধ্যাপক ড. লে. কর্নেল (অব.) সরদার মাহমুদ হোসেন বলেন, আল্লাহ্ তায়ালা যেন শহীদ আসিফকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন। আমরা কখনোই তার আত্মত্যাগ ভুলবো না।

অনুষ্ঠানে শিক্ষার্থীরা আসিফের প্রতি তাদের ভালোবাসা ও স্মৃতির কথা তুলে ধরেন; তার আন্তরিকতা, নিষ্ঠা এবং অটুট মনোবলের কথা গভীরভাবে স্মরণ করেন।

উল্লেখ্য, নর্দান ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের ছাত্র আসিফ হাসান স্বৈরাচারবিরোধী আন্দোলনে গত বছরের ১৮ জুলাই নিহত হন। তার স্মরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় চত্বরকে আসিফ চত্বর নামকরণ করেছে। আগামী সপ্তাহে তার স্মরণে ক্যাম্পাসে এক স্মরণসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন