জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার শিশু আব্দুল আহাদ, খালিদ সাইফুল্লাহ ও শহীদ তামিম শিকদার অবহেলিত হওয়ায় সংক্ষুব্ধ হয়েছেন তিন শহীদের পরিবারের সদস্যরা।
৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মরণে তিন শহীদের বেদিতে ফুলেল কোনো শুভেচ্ছা জানানো হয়নি; এমনকি সরকারি ও রাজনৈতিক অনুষ্ঠানেও আমন্ত্রণ জানানো হয়নি বলে শহীদ পরিবারের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।
ভাঙ্গা উপজেলা প্রশাসন সংশ্লিষ্টরা এ বিষয়ে জানিয়েছেন, জেলা প্রশাসক কার্যালয়ে শহীদ পরিবারের সদস্যরা আমন্ত্রিত অতিথি ছিলেন। ভাঙ্গায় তিন শহীদদের কবরস্থানে কোন ফুল দিয়ে কোনো শুভেচ্ছা বা শ্রদ্ধা জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ভাঙ্গা উপজেলা প্রশাসন থেকে সেমিনার কক্ষে সকাল ১১টায় জুলাই গণঅভ্যুত্থান তাৎপর্য শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হলেও আমন্ত্রণ জানানো হয়নি শহীদ পরিবারের কাউকে।
বিকেলে বিএনপির পক্ষ থেকে দক্ষিণ পাড়ের বাসস্ট্যান্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভার অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুরূপ সেখানেও উপস্থিত থাকার কোনো আমন্ত্রণ জানানো হয়নি।
উপজেলা প্রশাসন অথবা রাজনৈতিক মহল থেকে জাতীয় অনুষ্ঠানে উপস্থিতির বিষয়ে শহীদ আব্দুল আহাদ, খালিদ সাইফুল্লাহ ও তামিম শিকদারের পরিবারের সদস্যরা আমন্ত্রণ না পাওয়াতে চরম ক্ষোভ ও ক্ষুব্ধতা প্রকাশ করেন শহীদ পরিবারগুলো।
শহীদ আহাদের চাচা মোকলেছুর রহমান জানান, জেলা প্রশাসক থেকে আয়োজিত অনুষ্ঠানে তিনি এবং তার পরিবারের সদস্য আমন্ত্রণ পেয়েছেন। ভাঙ্গা উপজেলা প্রশাসন বা অন্য কোনো সংগঠন থেকে কোনো খোঁজখবর যেমন নেয়নি, তেমনি আমন্ত্রণও জানানো হয়নি। শহীদ আহাদ আমার আপন ভাতিজা উল্লেখ করে আরও বলেন, আহাদ হত্যাকারীদের বিচার দাবি করে আসছেন তারা।
তথাপি মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ থানার পুলিশ আমাদের না জানিয়ে আসামিরা অজ্ঞাত বলে চূড়ান্ত প্রতিবদন আদালতে দাখিলে তাদের পরিবার ক্ষুব্ধ হয়েছেন। তিনি মামলার পুনঃতদন্ত দাবি করেন।
শহীদ খালিদ সাইফুল্লাহর পিতা কামরুল হাসান জানান, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে কেউ একজন মোবাইল ফোনে তার কাছ থেকে জানতে চেয়েছিলেন তিনি জেলা প্রশাসক ফরিদপুর অফিস থেকে কোনো আমন্ত্রণ পেয়েছেন কি না? অন্য কোনো কথা হয়নি বলে জানান শহীদ খালিদ সাইফুল্লাহর পিতা কামরুল হাসান।
উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম বলেন, শহীদ আহাদের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্থানীয় বিএনপি নেতা কর্মীরা শ্রদ্ধা জানিয়েছি। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিএনপির আলোচনাসভা স্থগিত হওয়ায় শহীদ পরিবারের কাউকে কিছু জানানো হয়ে ওঠেনি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

