ভৈরব নদের তীরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এগারোটি প্রাচীন মন্দির। যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নে অবস্থিত এই স্থাপনা বাংলার ঐতিহ্যবাহী মন্দির স্থাপত্যের অনন্য নিদর্শন। স্থানীয়ভাবে এগারো শিবমন্দির নামে পরিচিত স্থাপনাটি ঘিরে রয়েছে রাজপরিবারের ইতিহাস, একজন বিধবা রাজকন্যার জীবনগাঁথা এবং ধর্মীয় অনুরাগের স্মৃতি। প্রচলিত বিবরণ অনুযায়ী, যশোরের রাজা প্রতাপাদিত্যের বংশধর রাজা নীলকণ্ঠ রায় মন্দিরগুলো নির্মাণ করেছিলেন। তার রাজধানী ছিল চাঁচড়া। তবে তিনি বসবাস করতেন ভৈরব নদের তীরবর্তী অভয়নগরে।
মন্দিরগুলোর নির্মাণের পেছনে রয়েছে নীলকণ্ঠ রায়ের মেয়ে অভয়ার জীবনের করুণ গল্প। নড়াইলের জমিদারপুত্র নীলাম্বর রায়ের সঙ্গে অভয়ার বিয়ে হয়েছিল। বিয়ের কিছুদিন পর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে নীলাম্বর মারা যান। অল্প বয়সেই বিধবা হয়ে পড়েন অভয়া। প্রচলিত কাহিনি অনুসারে, তিনি বাকি জীবন পূজা-অর্চনায় কাটানোর ইচ্ছা প্রকাশ করেন। মেয়ের সেই ইচ্ছাকে সম্মান জানিয়ে নীলকণ্ঠ রায় এগারোটি শিবমন্দির নির্মাণ করেন। তার মেয়ের নাম অনুসারেই এলাকার নাম হয় অভয়নগর। মন্দিরগুলোর নির্মাণকাল নিয়ে অবশ্য মতভেদ রয়েছে। বিভিন্ন বিবরণে ১৭৪৫ থেকে ১৭৬৪ সালের কথা বলা হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকায় স্থাপনাটিকে অষ্টাদশ শতকের নির্মাণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
এগারোটি মন্দিরের মধ্যে উত্তর দিকেরটি প্রধান মন্দির। এর দৈর্ঘ্য ২৪ ফুট ৪ ইঞ্চি এবং প্রস্থ ২২ ফুট ৩ ইঞ্চি। প্রধান মন্দিরের পূর্ব ও পশ্চিম পাশে চারটি করে আটটি এবং প্রবেশপথের দুই পাশে দুটি মন্দির রয়েছে। প্রতিটি মন্দিরে একসময় কষ্টিপাথরের শিবলিঙ্গ স্থাপিত ছিল। কিন্তু সেগুলো চুরি হয়ে গেছে। তবু মন্দিরগুলোর স্থাপত্যবৈশিষ্ট্য এখনো দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
খিলানাকৃতির প্রবেশপথ, দেয়ালে সজ্জিত পোড়ামাটির ফলক আর সূক্ষ্ম কারুকাজ মন্দিরগুলোর সৌন্দর্যে স্বতন্ত্র মাত্রা যোগ করেছে। পুরো মন্দিরসমষ্টি প্রাচীরবেষ্টিত। উত্তর-পশ্চিম কোণে একসময় একটি পুকুরও ছিল। দীর্ঘদিনের অবহেলা ও ক্ষয়ক্ষতির পর বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর ২০১৪ সালে স্থাপনাটির সংস্কারকাজ শুরু করে। ভৈরব নদের তীরে দাঁড়িয়ে থাকা এই এগারো শিবমন্দির তাই শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়; এটি যশোরের আঞ্চলিক ইতিহাস, লোককথা ও অতীতের স্থাপত্যরুচির এক স্মারক।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

