কুমিল্লার মনোহরগঞ্জে ডাকাতিয়া নদীর ওপর সেতুর কাজ ২০ বছরেও শেষ হয়নি । এতে জনভোগান্তি চরমে উঠেছে । জানা গেছে, কুমিল্লার লাকসামের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১১ ইউনিয়ন নিয়ে গঠিত মনোহরগঞ্জ উপজেলা। এই উপজেলার ঝলম ইউনিয়নে ডাকাতিয়া নদীর ওপর নির্মিত হাওরা ব্রিজ দীর্ঘ ২০ বছরেও সম্পন্ন হয়নি। ফলে যাতায়াতে জনসাধারণ চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। সরেজমিনে ও এলাকাবাসী জানায়, ২০০৫ সালের ৫ জানুয়ারি তৎকালীন সংসদ সদস্য মরহুম কর্নেল (অব.) এম আনোয়ার উল আজিম হাওরা ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং স্থানীয় সরকার প্রকৌশল এলজিইডির তত্ত্বাবধানে এবং ইসলামী উন্নয়ন ব্যাংক আইডিবির অর্থায়নে ৮০ লাখ টাকা ব্যয়ে হাওরা ব্রিজের কাজ শুরু করা হয়। স্থানীয় বাসিন্দারা জানান, ঠিকাদারের অবহেলা এবং প্রশাসনিক উদাসীনতার কারণে হাওরা ব্রিজের কাজ সম্পূর্ণ হয়নি। ঝলম ও হাওরা গ্রামের মধ্যবর্তী ডাকাতিয়া নদীর ওপর নির্মিত ব্রিজটি এখন ধান শুকানো এবং গবাদিপশু রাখার স্থানে পরিণত হয়েছে। ব্রিজ নির্মাণ করা হলেও ব্রিজের দুই পাশে মাটি ভরাট এবং পাকা না করায়, ব্রিজের কাজ অসমাপ্ত রয়ে গেছে। উঁচু ব্রিজ নির্মাণ করলেও ব্রিজে উঠা ও যাতায়াতের অনুপযোগী। ঠিকাদার ব্রিজের কাজ সম্পূর্ণ না করে অসমাপ্ত রেখে চলে গেছেন। মনোহরগঞ্জ উপজেলা এলজিইডির প্রকৌশলী শাহ আলম বলেন, ঠিকাদার ব্রিজের কাজ অসমাপ্ত রেখে চলে গেছে। বর্তমানে ব্রিজ সংস্কারে নতুন করে টেন্ডার করার কাজ চলছে। ভুক্তভোগী এলাকাবাসী দ্রুত ব্রিজের কাজ সম্পন্ন করার দাবি জানিয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

