১৪ জুলাই, ২০২৪ (রোববার) : গণপদযাত্রা কর্মসূচির মধ্য দিয়ে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়া হয়। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা কোটা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরা পাবে না? তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা চাকরি পাবে?’ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ শুরু করলে ব্যাপক আকারে হামলা চালায় ছাত্রলীগ। এ সময় আন্দোলনকারীরা ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’ স্লোগান দেয়।
১৫ জুলাই, ২০২৪ (সোমবার) : ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোটা সংস্কার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগ দফায় দফায় হামলা চালায়। হামলায় ছাত্রলীগ নেতাকর্মীরা ছাড়াও বহিরাগত সন্ত্রাসীদের ব্যবহার করা হয়।
১৬ জুলাই ২০২৪ (মঙ্গলবার) : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। তাকে ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন তথা জুলাই আন্দোলনের প্রথম শহীদ হিসেবে স্মরণ করা হয়।
১৭ জুলাই ১৯৩১ : বাঙালি মুসলিম পুনর্জাগরণের অন্যতম অগ্রদূত, কবি, ঔপন্যাসিক, প্রাবন্ধিক, বাগ্মী ও কৃষকনেতা সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ইন্তেকাল করেন।
১৭ জুলাই ২০২৪ (বুধবার) : ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের ক্যাম্পাস থেকে বিতাড়ন করে ‘রাজনীতিমুক্ত’ ঘোষণা করা হয়। একই দিন সারা দেশে বিক্ষোভ, অবরোধ ও সংঘর্ষের মধ্যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন এবং শিক্ষার্থীদের সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করার আহ্বান জানান।
৭১৫ (কারো কারো মতে ১৮ জুলাই) : সিন্ধুবিজয়ী মুসলিম সেনাপতি মুহাম্মদ বিন কাসিম ইন্তেকাল করেন। অল্প বয়সেই তার নেতৃত্বে সিন্ধু ও মুলতান বিজিত হয় এবং পাক-ভারতে মুসলিম শাসনের ভিত্তি স্থাপিত হয়।
১৮ জুলাই ১৮৪১ : ঢাকায় উচ্চশিক্ষার প্রসারে ঢাকা কলেজ প্রতিষ্ঠিত হয়। এটি বাংলাদেশের অন্যতম প্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং উপমহাদেশে আধুনিক শিক্ষার বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
১৮ জুলাই ২০২৪ (বৃহস্পতিবার) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে ঢাকাসহ সারা দেশে ব্যাপক বিক্ষোভ, সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটে; এক দিনেই অন্তত ৪১ জন নিহত হন। একই দিন রাতে সারা দেশে ইন্টারনেট ব্ল্যাকআউট কার্যকর করা হয়, ফলে বাংলাদেশের সঙ্গে বিশ্বের ডিজিটাল যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে।
১৯ জুলাই ১২৯৬ : দিল্লির সুলতান জালালুদ্দিন ফিরোজ খিলজি তার ভাতিজা ও জামাতা আলাউদ্দিন খিলজির ষড়যন্ত্রে নিহত হন।
১৯ জুলাই ২০২৪ (শুক্রবার) : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমপ্লিট শাটডাউন কর্মসূচির দ্বিতীয় দিন সারা দেশে ব্যাপক সংঘর্ষে অন্তত ৭৫ জন নিহত হন। একই দিন আন্দোলনকারীরা ৯ দফা দাবি ঘোষণা করে এবং রাত ১২টা থেকে সরকার সারা দেশে কারফিউ জারি ও সেনাবাহিনী মোতায়েন করে; এর আগে ইন্টারনেট ব্ল্যাকআউট অব্যাহত ছিল।
গ্রন্থনা : আহমাদ ফাহমি
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

