অক্টোবর-আশ্বিন-রবিউস সানি: বাংলাদেশের ইতিহাস ক্যালেন্ডার

অক্টোবর-আশ্বিন-রবিউস সানি: বাংলাদেশের ইতিহাস ক্যালেন্ডার
শহীদ আবরার ফাহাদ

* ১ অক্টোবর ১৮৯৫ : অবিভক্ত ভারতের পাঞ্জাবের কারনালে অবিভক্ত পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ও নিখিল ভারত মুসলিম লীগের অন্যতম গুরুত্বপূর্ণ নেতা লিয়াকত আলী খান জন্মগ্রহণ করেন । পাকিস্তান আন্দোলনে মুহাম্মদ আলী জিন্নাহর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

* ২ অক্টোবর ১৯০০ : ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী স্নাতক লীলা নাগ (পরবর্তীকালে লীলা রায়) জন্মগ্রহণ করেন। তিনি নারীশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এবং ব্রিটিশবিরোধী আন্দোলনেও সক্রিয় ছিলেন। ১৯৭০ সালের ১১ জুন তিনি মৃত্যুবরণ করেন।

বিজ্ঞাপন

* ২ অক্টোবর ১৯৮৩ : অধ্যাদেশের মাধ্যমে গ্রামীণ ব্যাংক একটি স্বতন্ত্র ব্যাংক হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। ক্ষুদ্রঋণের মাধ্যমে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীকে আর্থিক সেবার আওতায় আনার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি পরবর্তীকালে আন্তর্জাতিকভাবে পরিচিতি পায়। গ্রামীণ ব্যাংকের নিজস্ব ইতিহাসেও ২ অক্টোবর ১৯৮৩ তারিখটি উল্লেখ রয়েছে।

* ৩ অক্টোবর ১৯৮৯ : ব্রাহ্মণবাড়িয়ার কৃতী সন্তান, বিশিষ্ট উচ্চাঙ্গসংগীতশিল্পী, সুরকার ও সরোদবাদক ওস্তাদ বাহাদুর হোসেন খান কলকাতায় মৃত্যুবরণ করেন। ওস্তাদ আয়েত আলী খানের পুত্র ও ওস্তাদ আলাউদ্দিন খানের ভাতিজা বাহাদুর খান মাইহার ঘরানার অন্যতম বিশিষ্ট সরোদশিল্পী ছিলেন। চলচ্চিত্রের সংগীত পরিচালনায়ও তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

* ৫ অক্টোবর ১৯৭৪ : বিশিষ্ট বাঙালি রাজনীতিবিদ, দার্শনিক ও চিন্তাবিদ আবুল হাশিম ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি বঙ্গীয় প্রাদেশিক মুসলিম লীগ সাধারণ সম্পাদক হিসেবে পাকিস্তান আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার জন্ম ২৭ জানুয়ারি ১৯০৫ সালে পশ্চিমবঙ্গের বর্ধমানের কাশিয়ারায়।

* ৫ অক্টোবর ১৯৮৪ : বিশিষ্ট বাঙালি সাংবাদিক, সাহিত্যিক ও কলামিস্ট মুজীবুর রহমান খাঁ ঢাকায় মৃত্যুবরণ করেন। তিনি দৈনিক আজাদ ও দৈনিক পয়গাম-এর সঙ্গে দীর্ঘদিন যুক্ত ছিলেন এবং ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত পূর্ব পাকিস্তান প্রেস ক্লাবের প্রতিষ্ঠাকালীন সভাপতি ছিলেন। সাংবাদিকতা ও সাহিত্যে অবদানের জন্য ১৯৮০ সালে তিনি একুশে পদক লাভ করেন।

* ৫ অক্টোবর ২০২৪ : বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, প্রখ্যাত চিকিৎসক ও রাজনীতিবিদ অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী মৃত্যুবরণ করেন। তিনি ২০০১ সালের ১৪ নভেম্বর বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ২১ জুন পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করেন।

* ৭ অক্টোবর ২০১৯ : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং ভারতীয় আধিপত্যবিরোধী অ্যাকটিভিস্ট আবরার ফাহাদকে বুয়েট শাখা ছাত্রলীগ নেতাকর্মীরা নির্মমভাবে পিটিয়ে হত্যা করে। ২০২৫ সালের ১৬ মার্চ বাংলাদেশ হাইকোর্ট ফাহাদ হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখা হয়।

গ্রন্থনা : ইতিহাস ঐতিহ্য টিম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন