বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরে দোয়া মাহফিল, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে নগরীর গ্র্যান্ড হোটেল মোড়স্থ বিএনপি কার্যালয়ের সামনে থেকে রংপুর মহানগর মহিলা দলের আয়োজনে একটি র্যালি বের হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরবর্তীতে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রংপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আরজেনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান সামু।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও সাধারণ মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। ভবিষ্যতেও সংগঠনের সব নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে দলের প্রতিটি কর্মসূচি বাস্তবায়নে মাঠে থাকবেন।
বক্তারা আরও বলেন, দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের অন্যায়, অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছে দেশের মানুষ। কিন্তু বর্তমান রাজনীতিতে নারীরা আর পিছিয়ে নেই; তারাও রাজপথের সমান অংশীদার ও যোদ্ধা। স্বৈরাচারবিরোধী আন্দোলনে নারীরা বীরত্বপূর্ণ ভূমিকা রেখে যুদ্ধে জয়ী হয়েছেন।
অনুষ্ঠানে মহানগর মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক পারুল বেগম, প্রচার সম্পাদক রেহানা বেগম, ২৮ নম্বর ওয়ার্ড সভাপতি নারগীজ আক্তারসহ মহানগর মহিলা দল, বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের সর্বস্তরের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

