উজিরপুরে পৃথক ঘটনায় শিশু ও বৃদ্ধসহ তিনজনের মৃত্যু

উজিরপুরে পৃথক ঘটনায় শিশু ও বৃদ্ধসহ তিনজনের মৃত্যু
উজিরপুর মডেল থানা। ছবি: সংগৃহীত

বরিশালের উজিরপুর উপজেলায় পৃথক তিনটি দুর্ঘটনায় পানিতে ডুবে এক শিশু, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধ এবং সড়ক পারাপারের সময় অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার বড়াকোঠা, শিকারপুর ও ঢাকা-বরিশাল মহাসড়ক এলাকায় এসব মর্মান্তিক ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতরা হলেন— বড়াকোঠা ইউনিয়নের নারকেলী গ্রামের পলাশ খানের ছয় বছরের ছেলে আসওয়াদ খান (৬), শিকারপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্রামের বাসিন্দা মো. শাহজাহান বিশ্বাস (৬৫) এবং সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতপরিচয় এক নারী (আনুমানিক বয়স ৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বড়াকোঠা ইউনিয়নের নারকেলী গ্রামে শিশু আসওয়াদ খান বাড়ির পাশে খেলার ছলে সবার অজান্তে পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয়রা পুকুর থেকে তাকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে একই সময়ে শিকারপুর ইউনিয়নের পূর্ব জয়শ্রী গ্রামে নিজ বাড়ির পাশের একটি কাঁঠালগাছে পাতা কাটতে ওঠেন মো. শাহজাহান বিশ্বাস। গাছের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারে জড়িয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকেও মৃত বলে ঘোষণা করেন। নিহত শাহজাহান বিশ্বাস স্থানীয় ইউনিয়ন যুবদলের সদস্য শিহাব বিশ্বাসের বাবা।

অপরদিকে, বুধবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার এমএ জলিল সেতুর ঢালে সড়ক পারাপারের সময় বেপরোয়া গতির একটি যানের ধাক্কায় ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

উজিরপুর মডেল থানার পুলিশ জানিয়েছে, এসব ঘটনায় থানায় পৃথক পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন