বরিশালে দেরিতে অফিসে আসায় ভূমি অফিসের দুই কর্মী স্ট্যান্ড রিলিজ

বরিশালে দেরিতে অফিসে আসায় ভূমি অফিসের দুই কর্মী স্ট্যান্ড রিলিজ
বরিশালে দেরিতে অফিসে আসায় ভূমি অফিসের দুই কর্মী স্ট্যান্ড রিলিজ। ছবি: আমার দেশ

নির্ধারিত সময়ের পরে কর্মস্থলে উপস্থিত হওয়ায় বরিশাল সদর উপজেলার আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসের দুই কর্মচারীকে তাৎক্ষণিকভাবে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে অতিরিক্ত জেলা প্রশাসকের আকস্মিক পরিদর্শনে অনুপস্থিত থাকার সত্যতা পাওয়ায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত দুই কর্মচারী হলেন— উপসহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তা এবং অফিস সহায়ক মো. মজিবুর রহমান।

জেলা প্রশাসন সূত্র জানায়, বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে আমানতগঞ্জ ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুল্লাহ। এ সময় নির্ধারিত সময়ে ওই দুই কর্মচারীকে কর্মস্থলে না পেয়ে তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান।

দায়িত্বে অবহেলার দায়ে একই দিন বিকেলে তাদের বিরুদ্ধে বদলির আদেশ জারি করে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) করা হয়। অফিস আদেশ অনুযায়ী, উপসহকারী ভূমি কর্মকর্তা শিমুল পাইন শান্তাকে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়ন ভূমি অফিসে এবং অফিস সহায়ক মো. মজিবুর রহমানকে মেহেন্দিগঞ্জ উপজেলা ভূমি অফিসে বদলি করা হয়। এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

এ বিষয়ে বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার জানান, নির্ধারিত সময়ে কর্মস্থলে অনুপস্থিত থাকা সরকারি দায়িত্ব পালনে স্পষ্ট অবহেলা। অভিযোগের সত্যতা পাওয়ায় বুধবার বিকেলেই তাদের বদলিপূর্বক স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। সরকারি সেবার মান নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের নিয়মিত মনিটরিং ও আকস্মিক পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন