গোপালগঞ্জের মুকসুদপুরে খাবারের বিল বাকি রাখতে না দেওয়ায় একটি হোটেলে ভাঙচুরের অভিযোগ উঠেছে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ শেখ ও তার দলীয় লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় হোটেলের তিন কর্মচারীকে হেফাজতে নিয়েছে মুকসুদপুর থানার পুলিশ।
শুক্রবার ঘটনাটি ঘটেছে রাঘদি ইউনিয়নের ঢাকা-বরিশাল সড়কের বরিশাল গেট চাইনিজ অ্যান্ড বাংলা রেস্টুরেন্টে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মুকসুদপুর উপজেলার রাঘদি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ শেখ শুক্রবার রাত ৮টার দিকে ইউনিয়নের বিভিন্ন স্থানে জনসংযোগ শেষে দলীয় প্রায় ১৫ থেকে ২০ জন কর্মী নিয়ে ওই রেস্টুরেন্টে খাবার খেতে আসেন।
খাবার খাওয়ার পর পুরো বিল পরিশোধ না করে বাকি রাখতে চান পলাশ শেখ। তবে হোটেলের ম্যানেজার এতে অপারগতা প্রকাশ করলে নেতাকর্মীদের সামনে এ নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে চেয়ারম্যান পদপ্রার্থী পলাশ শেখের দলীয় লোকজন দেশীয় অস্ত্র ও লাঠি দিয়ে হোটেলে থাকা বিভিন্ন মালামাল ভাঙচুর করেন।
খবর পেয়ে মুকসুদপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের তিন কর্মচারীকে হেফাজতে নেয়।
এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হোটেলের তিন কর্মচারীকে হেফাজতে নিয়েছে। তবে কোনো পক্ষই এ ঘটনায় অভিযোগ করেনি।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

