পৃথিবীতে মায়ের চেয়ে বড় আপন আর কেউ নেই: কৃষিমন্ত্রী

পৃথিবীতে মায়ের চেয়ে বড় আপন আর কেউ নেই: কৃষিমন্ত্রী
জানাজার পূর্বে মায়ের স্মৃতিচারণে হাজী আমিন উর রশিদ ইয়াছিন

মায়ের স্মৃতিচারণ করে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হাজী আমিন উর রশিদ ইয়াছিন বলেছেন, পৃথিবীতে মায়ের চেয়ে বড় আপন আর কেউ নেই। তাই আমাদের সবার উচিত জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মায়ের পাশে থাকা এবং তাকে খুশি রাখার চেষ্টা করা। মা খুশি থাকলে আল্লাহও খুশি থাকবেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আমার মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিএনপির মহাসচিব, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারের মন্ত্রীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শোক ও সমবেদনা জানিয়েছেন। তাদের সবার প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই।

বুধবার দুপুর ২টায় বিজয়পুর উচ্চ বিদ্যালয় মাঠে তার মা আমেনা বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় রাজনৈতিক নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা, আত্মীয়স্বজন ও বিভিন্ন শ্রেণিপেশার হাজার হাজার মানুষ অংশ নেন। ইমামতি করেন বিজয়পুর জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ আতাউল্লাহ।

জানাজার পূর্বে আবেগাপ্লুত হয়ে হাজী আমিন উর রশিদ ইয়াছিন মুসল্লিদের কাছে তার মায়ের জন্য দোয়া চান।

তিনি বলেন, আমার মা ১০৩ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। আমরা নয় ভাইবোন। এর মধ্যে একজন আগেই মারা গেছে। আল্লাহর রহমতে বাকি আটজনই মায়ের জীবনের শেষ সময় পর্যন্ত তার পাশে থাকার সৌভাগ্য পেয়েছি।

আমিন উর রশিদ ইয়াছিনের মা আমেনা বেগমকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পরাণপুর গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। বুধবার দুপুরে তাকে দাফন করা হয়।

এর আগে মঙ্গলবার দুপুর ১২টা ৫০ মিনিটে ঢাকায় নিজ বাসভবনে আমেনা বেগম ইন্তেকাল করেন। তিনি চার ছেলে ও পাঁচ মেয়েসহ নয় সন্তানের জননী। আমিন উর রশিদ ইয়াছিন তার পঞ্চম সন্তান।

জানাজায় উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউছুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম, জেলা জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সরকারি কর্মকর্তা, স্থানীয় বাসিন্দা, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন