বিভেদ ভুলে আলেমদের ঐক্যের পথে হাঁটার আহ্বান মুফতি জিলানীর

বিভেদ ভুলে আলেমদের ঐক্যের পথে হাঁটার আহ্বান মুফতি জিলানীর

সামাজিক যোগাযোগমাধ্যমে কাদা ছোড়াছুড়ি ও অসম্মানজনক শব্দপ্রয়োগ পরিহার করে তরুণ আলেমদের ঐক্যের পথে হাঁটার আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগরীর সভাপতি মুফতি শামসুল ইসলাম জিলানী।

ফেসবুকে চলমান কিছু অনভিপ্রেত ঘটনা নিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে তরুণ আলেমদের উদ্দেশে মুফতি জিলানী বলেন, বর্তমানে আমিরে হেফাজতের তত্ত্বাবধানে আলেম সমাজের মধ্যে ঐক্যের একটি সুন্দর প্রচেষ্টা চলছে। এমন সময়ে ফেসবুকে পরস্পরবিরোধী বক্তব্য ও একে অপরকে অসম্মান করার পরিস্থিতি অত্যন্ত বেদনাদায়ক। এই পরিস্থিতি এড়াতে তিনি সংশ্লিষ্ট সবাইকে বিতর্কিত পোস্ট ও অডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মুছে ফেলার পরামর্শ দেন।

দেশের শীর্ষস্থানীয় দুই আলেম আল্লামা মামুনুল হক এবং মুফতি ফয়জুল করীমের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি বলেন, ‘উভয় হজরত আমাদের সারেতাজ। উভয় পক্ষ আমাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ।’

সম্মান ও আলেম সমাজের ঐক্যের স্বার্থে কাদা ছোড়াছুড়ি বন্ধ রেখে ভবিষ্যতে সবাই দ্বীনি ভাইয়ের মতো সৌহার্দ্যপূর্ণ আচরণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন। পরিবেশ শান্ত করতে এই বিষয়ে আপাতত লেখালেখি বন্ধ রাখার এবং ধৈর্য ও আন্তরিকতার পরিচয় দেওয়ার আহ্বান জানিয়ে মুফতি জিলানী বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনে শীর্ষ নেতৃবৃন্দ আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন