দেশের ছাত্র-জনতা এক বছর আগে বুকের তাজা রক্ত দিয়ে ইতিহাস রচনা করেছেন। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বপ্ন পূরণ অন্তর্বর্তী সরকারের অঙ্গীকার। সে লক্ষ্যে কাজ করছে সরকার। কিন্তু এটি বাস্তবায়ন সরকারের একার পক্ষে সম্ভব নয়। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান গৃহায়ন-গণপূর্ত ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
শনিবার সকালে চট্টগ্রামের বিএসটিআই মিলনায়তনে অত্যাধুনিক ল্যাব ও ১০ তলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বন্দরের কারণে চট্টগ্রাম বাংলাদেশের জাতীয় অর্থনীতির লাইফ লাইন। আর এই লাইফ লাইন সুস্থ রাখতে বিএসটিআইয়ের মতো প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়ানো জরুরি। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই আধুনিক ল্যাব ও ভবন স্থাপন জরুরি হয়ে পড়ে। এখন থেকে পণ্যের মান নিয়ন্ত্রণ পরীক্ষা আরো দ্রুত সময়ের মধ্যে হবে। আর এতে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে গতিশীলতা আসবে বলেও মন্তব্য করেন তিনি।
ভবন উদ্বোধন করেন জুলাই আন্দোলনে শহীদ ফয়সাল আহমেদ শান্তর মা কোহিনুর আক্তার। তিনি বলেন, শান্তর মতো হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। সাম্য, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা হলেই শহীদদের আত্মা শান্তি পাবে।
শিল্প সচিব ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাৎ হোসেন, বিএসটিআইয়ের মহাপরিচালক এসএম ফেরদৌস আলম, চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

