অনিয়ম প্রমাণিত হলে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসীকল্যাণ মন্ত্রী

অনিয়ম প্রমাণিত হলে রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসীকল্যাণ মন্ত্রী

বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়ম ও প্রতারণার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে ‘আনফিট’ কর্মীকে ‘ফিট’ দেখিয়ে পাঠানোর প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ওই এজেন্সির লাইসেন্সও বাতিল করা হবে।

বিজ্ঞাপন

শুক্রবার রাজধানীর মিরপুরে পুলিশ কনভেনশন সেন্টারে জালালাবাদ অ্যাসোসিয়েশনের ২০২৬-২০২৭ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এরই অংশ হিসেবে সম্পূর্ণ বিনা খরচে গতকাল ১১২ জন কর্মী মালয়েশিয়ার ডিএইচএল কোম্পানিতে গেছেন। আগামী ৯ তারিখে আরও একটি কর্মী দল মালয়েশিয়ায় যাবে।

বিদেশে অবস্থানরত প্রবাসীদের আইনি সহায়তা নিশ্চিত করতে ল ফার্ম গঠনের কাজ চলছে জানিয়ে তিনি বলেন, যুদ্ধসহ বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। বিএমইটি কার্ড থাকুক বা না থাকুক, প্রত্যেক নিহত প্রবাসীর পরিবারকে ৩৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে।

প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের জেলা প্রশাসকদের প্রতি মাসে একটি করে সমন্বয় সভা আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। এ ছাড়া প্রবাসীদের চিকিৎসাসেবায় অগ্রাধিকার দেওয়ার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। ইতোমধ্যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অ্যাম্বুলেন্স দেওয়া হয়েছে। সেখানে সার্বক্ষণিক চিকিৎসক দল নিয়োগের ব্যবস্থাও নেওয়া হচ্ছে। প্রবাসীদের যে দেশে অবস্থান করছেন, সেই দেশের প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানান তিনি।

বৃহত্তর সিলেটের উন্নয়ন প্রসঙ্গে আরিফুল হক চৌধুরী বলেন, বাতিল হয়ে যাওয়া সিলেট-তামাবিল ছয় লেন সড়ক প্রকল্প পুনরায় চালু করা হয়েছে। জৈন্তাপুরকে ইতোমধ্যে পৌরসভায় উন্নীত করা হয়েছে। পর্যটনকেন্দ্র জাফলং ও তামাবিলে পর্যটকদের সুবিধার্থে আধুনিক রেস্টরুম ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আগামী জানুয়ারির মধ্যেই দৃশ্যমান হবে। পাশাপাশি সিলেট-জাফলং রেললাইন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ চলছে।

তিনি আরো বলেন, অর্থের অভাবে কোনো মেধাবী শিক্ষার্থীর পড়াশোনা যেন বন্ধ না হয়, সে লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্নভাবে আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ মিঠু ও হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাখাওয়াত হোসেন জীবন। এ ছাড়া জালালাবাদ অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...