দাঁড়ি-টুপি দেখলেই যারা জঙ্গি ট্যাগ দিয়েছে, সেই অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

দাঁড়ি-টুপি দেখলেই যারা জঙ্গি ট্যাগ দিয়েছে, সেই অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী

দাঁড়ি-টুপি দেখলেই যারা মানুষকে জঙ্গি আখ্যা দিয়েছে, শাপলা চত্বরে যারা রক্ত ঝরিয়েছে, সেই অপশক্তি এ দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

বিজ্ঞাপন

শুক্রবার দুপুরে আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার ৮৭তম বার্ষিক মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ‘শাপলা চত্বরে যারা রক্ত ঝরিয়েছে, দাঁড়ি-টুপি দেখলেই যারা জঙ্গি ট্যাগ দিয়েছে, সেই অপশক্তি এ দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে। তাদের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্র-শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিলেন। যারা আলেম-ওলামা ও ছাত্রজনতার বুকে গুলি চালিয়েছিল, এ দেশের মানুষ তাদের কোনো দিন মেনে নেবে না। তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে এ দেশের মানুষ আবারও মাঠে নামবে।’

জুলাই-আগস্টের আন্দোলনে পটিয়া মাদ্রাসার অবদানের কথা স্মরণ করে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, ‘মাদ্রাসার ছাত্ররা যেদিন মাঠে নেমেছিল, সেদিনই হাসিনার পতন হয়েছিল। আমরাও সর্বাত্মকভাবে তাদের পাশে ছিলাম। ফ্যাসিবাদের পতনে তাদের ভূমিকা অনস্বীকার্য।’

মাদ্রাসার মহাপরিচালক একরামুল হক ওদুদীর সভাপতিত্বে দুই দিনব্যাপী এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, বাঁশখালী আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীসহ দেশবরেণ্য ওলামায়ে কেরাম।

দুই দিনব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলনে আলোচনায় অংশ নেন আল্লামা শামছুল ইসলাম, মুহাদ্দিস মাওলানা জাহেদ উল্লাহ, আল্লামা মুফতি শামছুদ্দীন জিয়া সাহেব (শায়খুল হাদিস), মাওলানা মো. জাকারিয়া, মাওলানা নুরুল্লাহ, মাওলানা নুরুল কাদের চকরিয়া, মাওলানা আবদুল্লাহ আল মারুফ, মাওলানা মোস্তফা নূরী, মাওলানা হাবিবুল ওয়াহেদ, মাওলানা মোহাম্মদ খোবাইব, মাওলানা মুফতি আবদুল কাদের, মুফতি মাহমুদ হাসান, মুফতি মুহাম্মদ আরশাদ রাহমানী, আল্লামা শেখ আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, মাওলানা যাইনুল আবেদীন, হজরত মাওলানা আশহাদ রশিদী, মাওলানা সাজিদুর রহমান (ভারত), মাওলানা মুফতি কেফায়েত উল্লাহ, মাওলানা আজিজুল হক আল-মাদানী, মাওলানা হাফিজুর রহমান কুয়াকাটা, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা ফরিদ উদ্দিন আল-মোবারক ও মাওলানা খলিল আহমদ কাসেমী প্রমুখ।

দুই দিনব্যাপী আন্তর্জাতিক মহাসম্মেলনকে কেন্দ্র করে মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী ও লাখো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মাদ্রাসা ময়দানে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। বাদে আসর মাদ্রাসার মুহতামিম একরাম হোসাইন ওদুদীর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইসলামী মহাসম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...