মুজিব পরিবারের নামের তিনটি সরকারি প্রতিষ্ঠানের নাম পরিবর্তন হয়েছে। সোমবার এ সংক্রান্ত তিনটি আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি এ প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তন করতে পৃথক তিনটি অধ্যাদেশ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ।
অধ্যাদেশ অনুযায়ী ‘শেখ রাসেল পল্লী উন্নয়ন একাডেমি, রংপুরের নামকরণ করা হয়েছে পল্লী উন্নয়ন একাডেমি, রংপুর; শেখ হাসিনা পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুরের নাম রাখা হয়েছে পল্লী উন্নয়ন একাডেমি, জামালপুর এবং বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমি (বাপার্ড), গোপালগঞ্জের নতুন নাম হয়েছে পল্লী উন্নয়ন একাডেমি, গোপালগঞ্জ। এই তিনটি আইনের শিরোনামের বাইরেও অন্যান্য যে সব জায়গায় শেখ হাসিনা, শেখ রাসেল, বঙ্গবন্ধু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব শব্দ রয়েছে অধ্যাদেশে সেটাও বাদ দেয়া হয়েছে।
উল্লেখ্য, ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর অধ্যাপক মুহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হলে ওই সরকার শেখ মুজিব ও তার পরিবার সংশ্লিষ্টদের নামে শিক্ষা প্রতিষ্ঠানসহ যে সব সরকারি স্থাপনা রয়েছে তার সবগুলোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। ওই সিদ্ধান্তের আলোকে এ তিনটি প্রতিষ্ঠানের নামও পরিবর্তন হলো। এর আগে বেশ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি স্থাপনা, সড়ক ও সেতুসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে শেখ মুজিবের পরিবারের নাম বাদ দেয়া হয়েছে। যে সব প্রতিষ্ঠান বাকি রয়েছে সেগুলোর নামও পর্যায়ক্রমে পরিবর্তন হবে।
জানা গেছে, সারা দেশে অসংখ্য| প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজের নামকরণ শেখ মুজিব পরিবারের নাম এখনো বহাল রয়েছে। এসব প্রতিষ্ঠানের তালিকাসহ নতুন নাম প্রস্তাবনার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে মাঠ পর্যায়ে চিঠি পাঠানো হয়েছে।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

