চট্টগ্রামের ভাটিয়ারীতে আরেকটি সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ

চট্টগ্রামের ভাটিয়ারীতে আরেকটি সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ

গাজীপুরের পর চট্টগ্রামের ভাটিয়ারীতে সমরাস্ত্র কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এজন্য বাংলাদেশ টেক্সটাইল মিলস করপোরেশনের (বিটিএমসি) নিয়ন্ত্রণাধীন জলিল টেক্সটাইল মিলস লিমিটেডের প্রায় ৫৫ একর জমি বাংলাদেশ সেনাবাহিনীকে বরাদ্দ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের উদ্দেশে এ উদ্যোগ নেওয়া হয়। ৫৪.৯৯ একর আয়তনের জলিল টেক্সটাইল মিলটি প্রতীকী মূল্যে সেনাবাহিনীর কাছে হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গত ১ জুলাই অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এ বিষয়ে নীতিগত অনুমোদন দেয়। আইএসপিআর জানায়, বিটিএমসির পক্ষে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এবং সেনাবাহিনীর পক্ষে চট্টগ্রাম ইস্টার্ন সার্কেলের মিলিটারি এস্টেট অফিসার জমি হস্তান্তর চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রতিরক্ষা সামগ্রীসহ দেশে উৎপাদিত সব ধরনের পণ্য বহির্বিশ্বে সমাদৃত করতে চায়। প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ও সেনাবাহিনী প্রধানের নেতৃত্বে প্রতিরক্ষা শিল্পসহ সশস্ত্র বাহিনী কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সক্ষম হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সেনাপ্রধান সেনাবাহিনীর আধুনিকায়নে সরকারের নেওয়া পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

চুক্তি স্বাক্ষরের আগে স্বাগত বক্তব্য দেন সেনাবাহিনীর কিউএমজি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক।

অনুষ্ঠানে পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামছুল ইসলাম, বিটিএমসি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ হাসান এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইএসপিআর জানিয়েছে, সমরাস্ত্র কারখানা সম্প্রসারণের মাধ্যমে আধুনিক সমরাস্ত্র ও গোলাবারুদের দেশীয় উৎপাদন বাড়বে। এতে বৈদেশিক নির্ভরতা কমবে। একই সঙ্গে দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরো সুসংহত হবে। এ উদ্যোগ সমরাস্ত্র উৎপাদনে স্বনির্ভরতা এবং প্রযুক্তিগত সক্ষমতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন