দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৭ জন রোগী।
এর আগের দিন রোববার একজনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিলেন ৩৫০ জন। এ নিয়ে চলতি মাসের ১৩ দিনে মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৪৬ জনে। আর মৃত্যু হয়েছে ৯ জনের। এছাড়া গত মাসে মোট আক্রান্ত ছিল ২ হাজার ৯০৭ জন এবং মৃত্যু হয়েছিল ১৩ জনের।
সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে বিভিন্ন হাসপাতালে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৮ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৩৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪৩ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৭ জন, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৯ জন, রংপুর বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪ জন এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন ভর্তি হয়েছেন। এছাড়া ২৪ ঘণ্টায় ২৩০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১২ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮ হাজার ৬৫০ জন। এর মধ্যে ৬১ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৩৮ দশমিক ৯ শতাংশ নারী। আর এ বছরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জানুয়ারিতে ২ জন, ফেব্রুয়ারিতে ২ জন, মে মাসে একজন, জুনে ১৩ জন এবং জুলাইয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। এর আগের বছর ২০২৫ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মোট ৪১৩ জনের মৃত্যু হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

