রাজধানীর কুড়িল-বিশ্বরোড এলাকার একটি বেসরকারি ভবনের নিরাপত্তাকর্মী তাবিউল ইসলাম রাকিব একই দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছেন।
বৃহস্পতিবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দোলা সুজন।
সাক্ষাৎ শেষে রাকিব জানান, ছোটবেলা থেকেই তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের একজন ভক্ত। সেই সময় থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে একবার দেখা করার প্রবল ইচ্ছা লালন করে আসছিলেন। নিজের সেই আকাঙ্ক্ষার কথা জানিয়ে তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেন। ভিডিওতে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তিনি ঢাকা ছাড়বেন না। অবশেষে সেই স্বপ্ন পূরণ হওয়ায় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রধানমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাক্ষাৎকালে রাকিব প্রধানমন্ত্রীর কাছে তার এলাকার দীর্ঘদিনের একটি জনদাবির বিষয়ও তুলে ধরেন। তিনি জানান, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর দীর্ঘদিনের। নদী পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সেখানে একটি সেতু নির্মাণ করা হলে হাজারো মানুষের দুর্ভোগ লাঘব হবে বলে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
রাকিব বর্তমানে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় একটি বেসরকারি ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে গত সাত মাস ধরে কর্মরত রয়েছেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার নুরুল্লাহপুর শিকদারবাড়ি এলাকায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


