সরকারি ক্রয় প্রক্রিয়ায় নতুন নিবন্ধিত ব্যক্তি ও নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করার শর্ত আরোপ করা যাবে না। দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক টার্নওভার, সরকারি প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা কিংবা একক বৃহৎ চুক্তি সম্পাদনের অভিজ্ঞতাকেও বাধ্যতামূলক হিসেবে নির্ধারণ করা যাবে না। এই বিধান রেখে জাতীয় সংসদে পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিল, ২০২৬ পাস হয়েছে।
সোমবার জাতীয় সংসদে বিলটি পাসের জন্য উত্থাপন করেন পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। পরে কণ্ঠভোটে তা পাস হয়।
বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে বিরোধী দলের সদস্যরা বলেন, বিলটিতে অনেক ভালো দিক থাকলেও কিছু জায়গায় স্বজনপ্রীতির সুযোগ ও ফাঁক রয়ে গেছে। জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান বলেন, ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’র সংজ্ঞার ক্ষেত্রে একটি নিরপেক্ষ যাচাইয়ের ব্যবস্থা থাকা দরকার, অন্যথায় বিষয়টি ভিন্ন দিকে মোড় নিতে পারে।
দলটির অপর সংসদ সদস্য রাশেদুল ইসলাম বলেন, বিলে নারীসহ বিভিন্ন শ্রেণির অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার কথা বলা হয়েছে। সেখানে আলাদাভাবে সুযোগ-বঞ্চিত ব্যক্তিদের সুযোগ দেওয়ার বিষয়টি যুক্ত করার প্রয়োজনীয়তা স্পষ্ট নয়। বিগত আমলে আওয়ামী লীগ ছাড়া অন্যরা সুযোগ পায়নি উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে অন্যরাও যেন এর রাজনৈতিক সদ্ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকা দরকার।
এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বলেন, এই আইনে ‘সুযোগ-বঞ্চিত ব্যক্তি’ নামে একটি শ্রেণি নির্ধারণ করা হয়েছে। বলা হয়েছে, গত ২০ বছরে যারা কোনো কাজ বা সুযোগ পাননি, তাঁদের সীমিত দরপত্রের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু সরকারি ক্রয় আইনের মূল লক্ষ্য ছিল প্রতিযোগিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা। এই শ্রেণি যুক্ত করা হলে স্বচ্ছতা কীভাবে নিশ্চিত হবে—এমন প্রশ্ন রেখে তিনি এই বিধান বাদ দেওয়ার আহ্বান জানান।
জবাবে পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সুযোগ-বঞ্চিতদের অংশগ্রহণের বিষয়টি একটি পরিচিতি বা শ্রেণি নির্ধারণের বিষয়মাত্র। সুযোগ-বঞ্চিত হলেই যে কেউ ঢালাওভাবে সুবিধা পাবেন, তা নয়। এ ক্ষেত্রে সুযোগ-বঞ্চিতদের পাশাপাশি বেসরকারি খাতের বিষয়টির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
পরে বিরোধীদলীয় সদস্যদের আনা জনমত যাচাই, বাছাই কমিটিতে প্রেরণ এবং সংশোধনী প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে পাবলিক প্রকিউরমেন্ট (দ্বিতীয় সংশোধন) বিলটি কণ্ঠভোটে পাস হয়।
বিলের মূল বিধানসমূহ
পাস হওয়া বিলে বলা হয়েছে, ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণের যোগ্যতা নির্ধারণের ক্ষেত্রে এমন কোনো শর্ত আরোপ করা যাবে না, যা অপ্রয়োজনীয়ভাবে নতুন নিবন্ধিত ব্যক্তি বা নবীন উদ্যোক্তাদের অংশগ্রহণ সীমিত করে। কেবল দীর্ঘমেয়াদি অভিজ্ঞতা, উচ্চ বার্ষিক টার্নওভার, সরকারি প্রতিষ্ঠানের কাজের অভিজ্ঞতা অথবা একক বৃহৎ চুক্তি সম্পাদনের অভিজ্ঞতাকে বাধ্যতামূলক যোগ্যতা হিসেবে নির্ধারণ করা যাবে না। তবে বিশেষ ক্ষেত্রে ক্রয়কার্যের প্রকৃতি, জটিলতা ও ঝুঁকি বিবেচনা করে ক্রয়কারী কর্তৃপক্ষ বিশেষ শর্ত আরোপ করতে পারবে।
এ ছাড়া দেশীয় শিল্পের বিকাশ, স্থানীয় উৎপাদন ও কর্মসংস্থান বৃদ্ধি এবং সরকারি ক্রয়ের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে প্রত্যক্ষ অবদান বাড়ানোর লক্ষ্যে সরকার সরকারি ক্রয়ে বাংলাদেশে উৎপাদিত বা প্রস্তুতকৃত পণ্যকে অগ্রাধিকার দিতে পারবে। নির্দিষ্ট শ্রেণির দেশীয় পণ্য ক্রয় বাধ্যতামূলক করার ক্ষমতাও সরকারের থাকবে। দেশীয় শিল্পের স্বার্থ সুরক্ষা, নতুন দরপত্রদাতা, অতি ক্ষুদ্র ও ক্ষুদ্র দরপত্রদাতা, নারী দরপত্রদাতা অথবা সুযোগ-বঞ্চিত ব্যক্তিদের ক্রয় প্রক্রিয়ায় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার যোগ্যতার শর্ত শিথিল করতে পারবে। এ ছাড়া কোনো বিদেশি ব্যক্তি বা ব্যক্তিবর্গ এই আইনের অধীন প্রাক্-যোগ্যতা, আগ্রহ ব্যক্তকরণ বা দরপত্র দলিলে অংশগ্রহণ করতে চাইলে আবশ্যিকভাবে বাংলাদেশের কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের সঙ্গে যৌথ উদ্যোগ গঠন করতে হবে বলে বিলে উল্লেখ করা হয়েছে।
বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাস
এর আগে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাসের জন্য সংসদে তোলেন। বিলের ওপর আনা জনমত যাচাই ও বাছাই কমিটিতে প্রেরণের প্রস্তাবগুলো নিষ্পত্তি শেষে বিলটি পাস হয়।
বিলের বিধান অনুযায়ী, আইন পাস হওয়ার পর সরকার গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে ‘বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ’ নামে একটি সংস্থ গঠন করবে। বগুড়া সিটি করপোরেশনের আওতাধীন এলাকা এবং সরকার প্রজ্ঞাপন দিয়ে যেসব এলাকা নির্ধারণ করবে, তা এই কর্তৃপক্ষের অন্তর্ভুক্ত হবে। এই কর্তৃপক্ষ ভূমির যৌক্তিক ব্যবহার নিশ্চিত করে মহাপরিকল্পনা, কৌশলগত পরিকল্পনা ও বিশদ অঞ্চল পরিকল্পনা প্রণয়ন করবে। এ জন্য ভূমি জরিপ, সমীক্ষা, গবেষণা পরিচালনা এবং সংশ্লিষ্ট তথ্য-উপাত্ত সংগ্রহ ও সংরক্ষণ করতে পারবে। পাশাপাশি অপরিকল্পিত ও অপ্রশস্ত সড়ক এবং এলাকার ভূমি পুনরউন্নয়ন ও পুনর্বিন্যাসে উন্নয়ন প্রকল্প গ্রহণ করতে পারবে সংস্থাটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

