বাংলাদেশে ফ্যাসিবাদী সংস্কৃতি দূর করতে রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে যোগ্য, দক্ষ ও দেশপ্রেমিক ব্যক্তিদের মূল্যায়ন করতে হবে। শুধু দলীয় আনুগত্য কিংবা চাটুকারিতার ভিত্তিতে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হলে রাষ্ট্র আবারও সংকটের মুখে পড়বে। তাই জুলাই বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করে রাষ্ট্র পরিচালনায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
সোমবার জাতীয় প্রেস ক্লাবে ‘আওয়ামী সন্ত্রাস, আওয়ামীপনা ও ফ্যাসিবাদবিরোধী বর্ষা বিপ্লব-পরবর্তী বাংলাদেশ’ শীর্ষক মিনহাল আয়োজিত এক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
জাহিদুল ইসলাম বলেন, জুলাই বিপ্লবের অন্যতম বড় শক্তি ছিল মানুষের ঐক্যবদ্ধ অবস্থান। রাজনৈতিক ও আদর্শিক ভিন্নতা থাকা সত্ত্বেও দেশের প্রতি ভালোবাসা, সার্বভৌমত্বের প্রতি বিশ্বাস এবং অন্যায়-জুলুমের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একই প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিলেন। বাম, ডানসহ বিভিন্ন মতাদর্শের মানুষ বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছিলেন। এই ঐক্য ও পারস্পরিক সহযোগিতার মানসিকতাই জুলাই বিপ্লবকে সফল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
তিনি বলেন, জুলাই আন্দোলনে মানুষের মধ্যে আত্মত্যাগের যে মানসিকতা তৈরি হয়েছিল, তা ছিল অভূতপূর্ব। শিশু থেকে বৃদ্ধ, নারী-পুরুষ নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনে অংশ নিয়েছিলেন। একজন আক্রান্ত হলে অন্যজন তাঁকে রক্ষা করতে এগিয়ে এসেছেন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আক্রান্ত হলে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাশে দাঁড়িয়েছেন। মাদ্রাসার শিক্ষার্থীরা আক্রান্ত হলে অন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এগিয়ে এসেছেন। সাংবাদিক, কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিলেন।
জুলাই আন্দোলনের আধ্যাত্মিক ও মানবিক দিক তুলে ধরে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে মানুষ নফল রোজা রেখেছেন, নামাজ পড়ে আন্দোলনকারীদের জন্য দোয়া করেছেন। দেশের বাইরে অবস্থানরত প্রবাসীরাও আন্দোলনকারীদের জন্য দোয়া করেছেন। আন্দোলনের কঠিন মুহূর্তেও একদিকে গুলিবর্ষণ, আহত ও রক্তাক্ত হওয়ার ঘটনা ঘটেছে, অন্যদিকে আজান হলে অনেকে নামাজে দাঁড়িয়ে গেছেন। জুলাই বিপ্লবের বিজয়ের পর গণভবনে মানুষের আল্লাহর কাছে সেজদায় অবনত হওয়ার দৃশ্যও সেই আধ্যাত্মিক চেতনার বহিঃপ্রকাশ। ঐক্য, আত্মত্যাগ ও আল্লাহর সাহায্যের সমন্বয়েই বিজয় সম্ভব হয়েছে বলে তিনি মন্তব্য করেন।
জুলাই-পরবর্তী বাংলাদেশের প্রত্যাশা নিয়ে তিনি বলেন, বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র পরিবর্তনের একটি বড় সুযোগ তৈরি হলেও সেই সুযোগ পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। শহীদ পরিবারগুলোর প্রত্যাশা এবং রাষ্ট্রীয় কাঠামোর পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল, তা যথাযথভাবে বাস্তবায়িত হয়নি। শুধু শাসকের পরিবর্তন হলেই ফ্যাসিবাদ দূর হয় না; ফ্যাসিবাদী চিন্তা, সংস্কৃতি ও শাসনব্যবস্থারও পরিবর্তন প্রয়োজন।
বর্তমান সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে জাহিদুল ইসলাম বলেন, সরকারকে ফ্যাসিস্ট বলতে চান না, তবে তাদের কিছু কর্মকাণ্ডে আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের সঙ্গে মিল পাওয়া যাচ্ছে। অতীতে আওয়ামী লীগ কোনো প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে বিষয়কে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করত। বর্তমান সরকারের কিছু প্রতিনিধির মধ্যেও একই প্রবণতা দেখা যাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি, সংসদ সদস্যদের বাড়িতে হামলা কিংবা বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের ওপর হামলার বিষয়ে প্রশ্ন উঠলেও অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট জবাব ও কার্যকর সমাধান পাওয়া যাচ্ছে না বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, অতীতে বিএনপিও জুলুমের শিকার হয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান সরকারকে রাষ্ট্র পরিচালনা করতে হবে। জুলাইয়ের প্রকৃত চেতনা ধারণ করেন এবং যোগ্যতা ও দক্ষতা রাখেন, এমন ব্যক্তিদের গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োগ দিতে হবে। প্রয়োজনে ভিন্ন মতাদর্শের যোগ্য ব্যক্তিদেরও রাষ্ট্রের স্বার্থে মূল্যায়ন করতে হবে। শুধু চাটুকারদের পদায়ন করা হলে রাষ্ট্র আবারও সংকটের মুখে পড়বে।
বক্তব্যের শেষ পর্যায়ে তিনি বলেন, আওয়ামীপনা শুধু একটি রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি একটি সংস্কৃতি, চিন্তাচেতনা ও অভ্যাস। বাংলাদেশ থেকে এ ধরনের সংস্কৃতি দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জুলাই বিপ্লবের প্রকৃত চেতনা ধারণ করে একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
মিনহাল সম্পাদক ইউসুফ আম্মারের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার, ডেইলি ওয়াদার সম্পাদক ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব শফিকুল আলম, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ফারুক হাসান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, সংগঠক ও রাজনীতিক সামান্তা শারমিন এবং ডেল এইচ. খান প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


