বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় ২২তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা সোমবার রাঙামাটির কাপ্তাই লেকে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এবং নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম প্রধান অতিথি এবং রাঙামাটি-১ আসনের সংসদ সদস্য জনাব দীপেন দেওয়ান এমপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে বাছাইকৃত মোট ২০ জন সাঁতারু অংশগ্রহণ করেন। তাদের মধ্যে পুরুষ ও মহিলা বিভাগে ৯ জন করে মোট ১৮ জন বাছাইকৃত সাঁতারু এবং স্বাগতিক হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা থেকে উভয় বিভাগে একজন করে আরও দুজন সাঁতারু অংশ নেয়। প্রতিযোগিতাটি কাপ্তাই লেকের মগবান টিলা থেকে শুরু হয়ে বিএফডিসি ঘাঁট এলাকায় এসে শেষ হয়। প্রতিযোগিতায় পুরুষ সাঁতারুরা ১০ কিলোমিটার ও মহিলা সাঁতারুরা ৮ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে।
প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ফয়সাল আহম্মেদ, দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর আসিফ রেজা এবং তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহম্মেদ। অন্যদিকে, মহিলা বিভাগে প্রথম স্থান অর্জন করেন বাংলাদেশ সেনাবাহিনীর মুক্তি খাতুন, দ্বিতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সোনিয়া আক্তার, তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর পলি খাতুন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, জেলা প্রশাসক, বাংলাদেশ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থা কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সোমবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


