বুধবারের মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে আগামী ১৩ থেকে ১৯ আগস্ট পর্যন্ত দেশজুড়ে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি ও কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার আবহাওয়াবিদ একেএম নাজমুল হক আমার দেশকে বলেন, আজ বুধবার কিছুটা শুষ্ক আবহাওয়া থাকলেও বর্ষাকাল হিসেবে দেশজুড়ে কমবেশি বৃষ্টি থাকবে; তবে বুধবারের মধ্যেই উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবেই ১৩ আগস্ট থেকে দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থা ১৯ আগস্ট পর্যন্ত থাকতে পারে। এ সময়ে উপকূলীয় এলাকায় বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী থেকে অতিভারী বৃষ্টি হলেও আগের মতো টানা অতিভারী বর্ষণের সম্ভাবনা কম।
এদিকে আগের দিনের তুলনায় মঙ্গলবার সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বাড়লেও পরিমাণে কম ছিল। রাজধানীতে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৩৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া সন্ধ্যা ছয়টা পর্যন্ত সর্বোচ্চ ৬১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয় গোপালগঞ্জে। বৃষ্টিপাতের পরিমাণ কম থাকায় এ দিন সারাদেশে আগের দিনের তুলনায় তাপমাত্রা বেড়ে দেশজুড়ে ভ্যাপসা গরম ছড়িয়েছে। মঙ্গলবার কুড়িগ্রামের রাজারহাটে সর্বোচ্চ ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজধানীতে তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি।
মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় আবহাওয়ার পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।
এর প্রভাবে বুধবার ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।
পরদিন বৃহস্পতিবার খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এছাড়া বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


