ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, একটি কল্যাণকামী রাষ্ট্র গঠন করতে পারলেই শহিদদের আত্মা শান্তি পাবে।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে মহান বিজয় দিবস উপলক্ষ্যে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরে বাংলাদেশে যত নির্বাচন হয়েছে তার মধ্যে কয়েকটি ছাড়া বাকিগুলোর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। বিশেষ করে বিগত ১৫ বছরের নির্বাচন ছিল স্পষ্টত প্রহসনের নির্বাচন। কেননা ওই নির্বাচনগুলো নিয়ে জনগণের কোন আগ্রহ ছিলো না। নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করা হয়েছিল। আমরা যে লক্ষ্যে স্বাধীনতা অর্জন করেছি সে লক্ষ্য এখনো পূরণ হয়নি।
ড. খালিদ আরো বলেন, যে কারণে এতো মানুষ সংগ্রাম চালালো, যুদ্ধ করলো এবং প্রাণ দিলো তাদের এই আত্মত্যাগ সার্থক হবে যদি আমরা স্বাধীনতার লক্ষ্য অর্জন করতে পারি।
তিনি ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার অনুরোধ জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

