ভূমি নিবন্ধন কার্যক্রমে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা দূর করতে সাব-রেজিস্ট্রার কার্যালয়গুলোকে সম্পূর্ণ হয়রানিমুক্ত করার নির্দেশ দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করে বলেছেন, এর পরও কোনো কর্মকর্তা জনগণকে হয়রানি করলে কিংবা দুর্নীতিতে জড়ালে তাঁর বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। দু-একটি ছোট ঘটনা গোটা রেজিস্ট্রেশন বিভাগের গায়ে কালিমা লেপন করে বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাসোসিয়েশনের সভাপতি এবং নারায়ণগঞ্জ জেলা রেজিস্টার মোহাম্মদ রমজান খানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, অতিরিক্ত সচিব মো. খাদেম উল কায়েস ও এস এম এরশাদুল আলম, নিবন্ধন অধিদফতরের মহাপরিদর্শক শামীমা আফরোজ এবং অ্যাসোসিয়েশনের মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ প্রমুখ।
ভূমি নিবন্ধন খাতে সাব-রেজিস্ট্রারদের ভূমিকা নিয়ে সাধারণ মানুষের নেতিবাচক ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে আইনমন্ত্রী বলেন, জনগণ যেন কোনো ধরনের হয়রানি ছাড়াই সেবা পায় এবং নিবন্ধন বিভাগের ওপর আস্থা রাখতে পারে, তা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে কর্মকর্তাদের উৎসাহিত করতে প্রণোদনা দেওয়ার বিধান চালু করা হবে।
সিনিয়র সাব-রেজিস্ট্রার পদ সৃষ্টির দাবি সরকার বিবেচনা করবে উল্লেখ করে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগে জনগণ হয়রানির শিকার হলে কিংবা দুর্নীতির তথ্য পাওয়া গেলে কাউকে ছাড় দেওয়া হবে না। রেজিস্ট্রেশন বিভাগের সুনামের সঙ্গে তাঁর নিজের সুনামও জড়িত উল্লেখ করে তিনি জানান, অনিয়ম ও জনহয়রানি রোধে কর্মকর্তাদের বদলির ক্ষেত্রে ইতিমধ্যে লটারির মাধ্যমে পদায়ন শুরু হয়েছে এবং পর্যায়ক্রমে এর পরিধি আরও বাড়ানো হবে।
সম্প্রতি রাজধানীর বাড্ডায় সম্পত্তি হস্তান্তর আইন, ১৮৮২-এর নতুন ১২২(এ) ধারায় একটি দলিল নিবন্ধন করতে সাব-রেজিস্ট্রারের অস্বীকৃতির প্রসঙ্গ টেনে আইনমন্ত্রী বলেন, আইন প্রণয়নের সময় এ ধারার বিধান ও প্রয়োগের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। দানের (গিফট) সংজ্ঞায় প্রয়োজনীয় পরিবর্তন এনে বিধানটি যুক্ত করা হয়েছে এবং ফরমের মন্তব্যের কলামে শর্ত উল্লেখ করলেই আইনের উদ্দেশ্য পূরণ হওয়ার কথা। অথচ এরপরও এক সাব-রেজিস্ট্রার দলিলটি নিবন্ধন করতে অস্বীকৃতি জানিয়েছেন। ওই কর্মকর্তা ইতিমধ্যে বদলি হলেও কে এ কাজ করেছেন, তা খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
রেজিস্ট্রেশন বিভাগ নিয়ে বিভিন্ন আলোচনার জবাবে আইনমন্ত্রী সাফ জানিয়ে দেন যে, এই বিভাগ আইন মন্ত্রণালয়ের অধীনেই থাকবে। উপজেলা পর্যায়ে দায়িত্ব পালনকালে সিভিল প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সাব-রেজিস্ট্রারদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব নিজেদের মেধা ও প্রজ্ঞা দিয়ে স্থানীয়ভাবে সমাধানের আহ্বান জানিয়ে তিনি বলেন, ডিসির সামগ্রিক তদারকি বা গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের অর্থ এই নয় যে নিবন্ধন বিভাগ অন্য কোনো বিভাগের অধীনস্থ হবে। বরং এই বিভাগকে এগিয়ে নিতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।
সভায় অ্যাসোসিয়েশনের মহাসচিব মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ আইনমন্ত্রীর নিকট কিছু সুনির্দিষ্ট দাবি পেশ করেন। এর মধ্যে রয়েছে সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশদের চাকরি স্থায়ীকরণ, দলিল লেখকদের প্রতি দলিল পারিশ্রমিক ৫ হাজার টাকা নির্ধারণ এবং দৈনিক ৬০ টাকা মজুরিতে কর্মরত উমেদারদের পারিশ্রমিক যুগোপযোগী করা। আইনমন্ত্রী এই যৌক্তিক দাবিগুলো পর্যায়ক্রমে বিবেচনার আশ্বাস দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


