নাঈম নাকি রবিন, রহস্য রেখে দিলেন অধিনায়ক

নাঈম নাকি রবিন, রহস্য রেখে দিলেন অধিনায়ক

সবশেষ চার টেস্টে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে ব্যাটিং ব্যর্থতায় ভুগেছে পুরো দল। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজ হারের হতাশা কাটিয়ে এবার সাউথ আফ্রিকার বিপক্ষে নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় নাজমুল হোসেন শান্তর দল। আগামীকাল থেকে শুরু হচ্ছে জোহানেসবার্গ টেস্ট। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে দলের অবস্থা, টিম কম্বিনেশন, উইকেট এবং প্রস্তুতি নিয়ে কথা বলেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকায় সবসময়ই পেস বোলাররা সহায়তা পেয়ে থাকে। জোহানেসবার্গেও যে তেমনটা হতে যাচ্ছে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। তাই পেস বোলিংকে প্রাধান্য দিয়েই দল গড়তে চায় বাংলাদেশ। ম্যাচের আগের দিন টিম কম্বিনেশন নিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, 'তিন পেসার অবশ্যই থাকবে। সাথে একটা স্পিনারও থাকা উচিত। কারণ অস্ট্রেলিয়াতেও স্পিনাররা ভালো অবদান রেখেছে, বিশেষ করে মিরাজ। তাই ওই কম্বিনেশনে আমরা যেতে পারি। তবে আরও একটা দিন সময় আছে। সকালে আরেকবার উইকেটটা দেখে সিদ্ধান্ত নেব।'

এ প্রসঙ্গে শান্ত আরও বলেন, 'এখানে পেস বোলারদের একটু হেল্প থাকবেই। পাশাপাশি আমাদের যে স্পিনাররা আছেন, তারা এ ধরনের কন্ডিশনে বোলিং করে অভিজ্ঞ। পেস বোলারদের দায়িত্বটা একটু বেশি থাকবে, পাশাপাশি স্পিনাররা যদি সাপোর্টটা দিতে পারে, তাহলে ভালো একটা ম্যাচ আমরা দিতে পারব। এর আগে সাউথ আফ্রিকাতে আমরা ওয়ানডে সিরিজ জিতেছি, অবশ্যই এটা আত্মবিশ্বাস দেবে। কিন্তু দিনশেষে আমাদের সেরাটা দিতে হবে, যেরকম পরিকল্পনা করেছি, সেটা কাজে লাগাতে হবে।'

দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে প্রথমবার জাতীয় দলে ডাক পেলেন মাহফিজুল ইসলাম রবিন। আবার এই সিরিজ দিয়েই দীর্ঘদিন ধরে জাতীয় দলে এসেছেন নাঈম শেখ। দুজনেই যে ওপেনিং পজিশনের জন্য বিবেচিত হবেন, সেটা আর বলার অপেক্ষা রাখে না। জোহানেসবার্গ টেস্টে এই দুজনের মধ্যে যেকোনো একজন খেলছেন, সেটা অনেকটাই পরিষ্কারভাবে বোঝা গেছে অধিনায়ক শান্তর কথায়। তবে দুজনের মধ্যে কে খেলছেন, সেটা নিয়ে রহস্য রেখে গেলেন শান্ত। তিনি বলেন, 'ও (রবিন) যেভাবে পারফর্ম করেছে ফার্স্ট ক্লাস ক্রিকেটে, ও ডিজার্ভ করে এই দলে আসা। পাশাপাশি নাঈম শেখ আসছে। ও ফার্স্ট ক্লাসে গত কয়েক বছর ধরে ভালো করতেছে। দুইজনই ভালো ফর্মে আছে। দুজনই খুব ভালো টাচে আছে। আমরা জানি কাকে খেলাব। কিন্তু এটা একটু আমাদের মধ্যে থাক।

ব্যাটিং ব্যর্থতায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ম্যাচটা হেরেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকায়ও ব্যাটিংটাকেই মূল চ্যালেঞ্জ হিসেবে দেখছেন অধিনায়ক। এই চ্যালেঞ্জ পার করতে পারলে প্রতিদ্বন্দ্বিতা করা সম্ভব, বিশ্বাস শান্তর, 'এই ধরনের কন্ডিশনে পুরো দলের ব্যাটিং ইউনিটের ভালো পারফর্ম করা জরুরি। বিশেষ করে যারা সেট হবেন, তাদের লম্বা ইনিংস খেলাটা খুব জরুরি। এখানে অবশ্যই ব্যাটিংটা চ্যালেঞ্জিং, যদি আমরা প্রথম ইনিংসে একটা বড় স্কোর দিতে পারি, তাহলে আমাদের যে বোলিং আক্রমণ আছে, আমরা খুব ভালোভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।'

ডারউইন টেস্টে জয়ের পর আর একটি টেস্ট ম্যাচেও জিততে পারেনি বাংলাদেশ। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াই থেকেও প্রায় ছিটকে গেছে টাইগাররা। এমন অবস্থায় খেলোয়াড়দের মানসিক অবস্থা কেমন, সে প্রসঙ্গে শান্ত বলেন, ' মানসিকভাবে সবাই ভালো অবস্থানে আছে। আমাদের গত ২-৩টা ম্যাচ ভালো যায়নি। কিন্তু ওটা নিয়ে খুব বেশি চিন্তা না করে সামনে কিভাবে ভালো করতে পারি, সেটা জরুরি। কোন কোন জায়গায় ভুল করেছি, কোন কোন জায়গায় একটু ভালো করতে পারতাম, এগুলো নিয়ে আলোচনা ছিল, যদিও এটা আলাদা কন্ডিশন। এই কন্ডিশনে আমরা কিভাবে ভালো করতে পারি, সেটা জরুরি। আমাদের সেরা খেলাটা যদি এখানে খেলতে পারি, ভালোভাবে ম্যাচটা শেষ করতে পারব।'

টানা ৪ টেস্টে জয়হীন থেকে দক্ষিণ আফ্রিকায় গেছে বাংলাদেশ। এমন কন্ডিশনে সেখানে খেলবে টাইগাররা, যেখানে এর আগে কখনো ম্যাচ জেতেনি তারা। তবুও বিশ্বাস রাখছেন শান্ত, 'আমার তো অনেক বিশ্বাস, আসলে বিশ্বাস না থাকলে কোন কিছুই করা সম্ভব না। পুরো দল বিশ্বাস করে, এখানে আমরা ভালো ক্রিকেট খেলতে পারব।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন