আগামীকাল বাংলাদেশ সময় দুপুর দুইটায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ। লড়াইয়ে নামার একদিন আগেই শনিবার সংবাদ সম্মেলনে একাদশ জানিয়ে দিলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভুমা। জোহানেসবার্গের পেস সহায়ক কন্ডিশনে অনুমিতভাবেই ৩ পেসার এবং ১ স্পিনার নিয়ে মাঠে নামবে প্রোটিয়ারা।
এই ম্যাচ দিয়ে প্রায় দুই বছর পর একাদশে ফিরেছেন জুবাইর হামজা ও ডেইন প্যাটারসন। অস্ট্রেলিয়ার বিপক্ষে সবশেষ টেস্টের একাদশ থেকে বাদ পড়েছেন ডেভিড বেডিংহ্যাম ও জেরাল্ড কোয়েটজি। অবশ্য এই সিরিজের স্কোয়াডেই নেই তারা।
ঘরোয়া ক্রিকেটে প্রবল সম্ভাবনা দেখিয়ে ২০১৯ সালে জাতীয় দলে এসেছিলেন হামজা। তবে ক্যারিয়ারটা প্রত্যাশা অনুযায়ী এগোয়নি এই তরুণ প্রতিভাবান ক্রিকেটারের। এখন পর্যন্ত ৮ টেস্ট ম্যাচ খেলে করেছেন কেবল ৩০৭ রান। ২০২৪ সালে সর্বশেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন নিউজিল্যান্ডের বিপক্ষে জানুয়ারিতে।
হামজার মতো প্যাটারসনও জাতীয় দলে ফিরেছেন ২ বছর পর। ২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে বক্সিং ডেতে সর্বশেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন এই পেসার। প্যাটারসনের সঙ্গে পেস বোলিং ইউনিটে থাকছেন কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন ও ভিয়ান মুল্ডার।
স্পিনার হিসেবে একাদশে আছেন সাইমন হার্মার। বাঁহাতি স্পিনার কেশভ মহারাজ অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ম্যাচে ভালো খেললেও তাকে এই ম্যাচে রাখেনি দক্ষিণ আফ্রিকা।
জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকা একাদশ
এইডেন মার্করাম, মার্কাস অ্যাকারম্যান, জুবাইর হামজা, টেম্বা বাভুমা (অধিনায়ক), ম্যাথু ব্রিজকে, রায়ান রিকেলটন, মার্কো ইয়ানসেন, ভিয়ান মুল্ডার, সাইমন হার্মার, কাগিসো রাবাদা, ডেইন প্যাটারসন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-9a6d5f-720x405.webp)