জলবায়ু অর্থায়নে শিশুদের অগ্রাধিকার, পৃথক তহবিলের আহ্বান

জলবায়ু অর্থায়নে শিশুদের অগ্রাধিকার, পৃথক তহবিলের আহ্বান
ছবি: সংগৃহীত।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে বাংলাদেশের প্রায় ছয় কোটি শিশু। অথচ শিশু-সংবেদনশীল কার্যক্রমে ব্যয় হচ্ছে বৈশ্বিক জলবায়ু তহবিলের মাত্র ২ দশমিক ৪ শতাংশ । বাংলাদেশ জলবায়ু অর্থায়ন পেলেও সেই অর্থের সুফল শিশু ও প্রান্তিক জনগোষ্ঠীর কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না। এ পরিস্থিতিতে জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু তহবিলে শিশুদের জন্য সুনির্দিষ্ট অর্থায়ন ও প্রবেশপথ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নীতিনির্ধারক, জলবায়ু অর্থায়নসংশ্লিষ্ট কর্মকর্তা ও নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

তারা বলেছেন, জলবায়ু অর্থায়নের পরিকল্পনা, বাস্তবায়ন ও মূল্যায়নের প্রতিটি পর্যায়ে শিশুদের প্রয়োজন ও সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে পানি, স্বাস্থ্য, আগাম সতর্কবার্তা ও শিক্ষা খাতে কার্যকর কমিউনিটিভিত্তিক উদ্যোগগুলোতে অর্থায়ন বাড়াতে হবে। এ ক্ষেত্রে সেভ দ্য চিলড্রেনের কমিউনিটি-নেতৃত্বাধীন মডেলগুলো বিস্তৃত করার ওপর গুরুত্ব দেন তারা।

শনিবার তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নে ‘জলবায়ু কার্যক্রমের কেন্দ্রে শিশু: শিশুদের জন্য জলবায়ু অর্থায়ন উন্মুক্ত করা’ শীর্ষক এক সেশনে এসব কথা বলেন বক্তারা। সেশনটির আয়োজন করে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ।

সেশনে উপস্থাপিত ইউনিসেফের ২০২৬ সালের শিশুদের জলবায়ু ঝুঁকিবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ৫ কোটি ৯০ লাখ শিশুর সবাই অন্তত একটি জলবায়ু ঝুঁকির মুখে রয়েছে। এর মধ্যে প্রায় ৫ কোটি ৩০ লাখ শিশু একই সঙ্গে তিন বা তার বেশি ধরনের ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে বিশ্বব্যাপী প্রধান জলবায়ু তহবিলের মাত্র ২ দশমিক ৪ শতাংশ শিশু-সংবেদনশীল কার্যক্রমে ব্যয় করা হয়। ২০২৩ সালের একটি বিশ্লেষণ অনুযায়ী, প্রকৃত বরাদ্দের হিসাব এর চেয়েও কম হতে পারে।

এদিকে বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩-২০৫০) বাস্তবায়নে প্রায় ২৩০ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩৫ সালের মধ্যে জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) ৩.০ বাস্তবায়নে আরও প্রায় ১১৬ বিলিয়ন ডলার প্রয়োজন। কিন্তু জলবায়ু অর্থায়নের প্রচলিত কাঠামোতে পানি, স্বাস্থ্য, শিক্ষা ও আগাম সতর্কবার্তার মতো খাতগুলো আলাদাভাবে বিবেচনা করা হয়। ফলে শিশুদের সামগ্রিক সুরক্ষার জন্য প্রয়োজনীয় সমন্বিত উদ্যোগ অর্থায়নের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে শুধু একটি খাতে বিনিয়োগ যথেষ্ট নয়। নিরাপদ বিদ্যালয়, স্বাস্থ্যসেবা, সুপেয় পানি এবং কার্যকর আগাম সতর্কবার্তা ব্যবস্থার সমন্বয় জরুরি। অথচ অর্থায়নের বিদ্যমান কাঠামোয় শিশুদের এসব সমন্বিত প্রয়োজন যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না।

সেশনে শিশুদের জন্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে তিনটি অগ্রাধিকার তুলে ধরা হয়। প্রথমত, জলবায়ু অর্থায়নের পরিকল্পনা, পর্যবেক্ষণ ও প্রতিবেদন তৈরির প্রতিটি পর্যায়ে শিশুদের দৃশ্যমান করতে হবে।

দ্বিতীয়ত, পানি, স্বাস্থ্য, আগাম সতর্কবার্তা ও শিক্ষা খাতে পরীক্ষিত কমিউনিটি-নেতৃত্বাধীন কার্যক্রমে অর্থায়ন বাড়াতে হবে।

তৃতীয়ত, জাতীয় ও বৈশ্বিক জলবায়ু তহবিলে শিক্ষা খাতের জন্য সুস্পষ্ট অর্থায়নের সুযোগ তৈরি করতে হবে।

এ সময় সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের চারটি কমিউনিটি-নেতৃত্বাধীন উদ্যোগের উদাহরণ তুলে ধরা হয়। এর মধ্যে সাতক্ষীরা রেজিলিয়েন্ট ওয়াটার সিস্টেমস উল্লেখযোগ্য। ২০২৪ সালের মে মাসে ঘূর্ণিঝড় রেমালের সময় এ উদ্যোগের মাধ্যমে প্রায় ২০ হাজার মানুষের জন্য নিরাপদ পানির সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হয়েছিল।

এ ছাড়া মাতৃস্বাস্থ্যসেবায় ‘মমতার তরী’, আগাম সতর্কবার্তা ব্যবস্থায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অনুমোদন পাওয়া ‘মেট ক্লাব’ এবং শিক্ষা খাতে ‘ক্লাইমেট স্মার্ট এডুকেশন সিস্টেমস ইনিশিয়েটিভ’-এর কার্যক্রম তুলে ধরা হয়। বিশেষ করে শিক্ষা খাতের জলবায়ু অর্থায়নবিষয়ক একটি বিশ্লেষণে জাতীয় বাজেটের কোন কোন খাত এবং বৈশ্বিক তহবিল থেকে শিক্ষার জন্য অর্থায়ন পাওয়া সম্ভব, তা চিহ্নিত করা হয়েছে।

সেশনে ইআরডির অতিরিক্ত সচিব ও জাতিসংঘ উইংয়ের প্রধান এ কে এম সোহেল বলেন, বাংলাদেশ জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার পাচ্ছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অর্থও আসছে। কিন্তু দুঃখজনক বিষয় হলো, জাতীয় পর্যায়ে তো বটেই, আন্তর্জাতিক পর্যায়েও জলবায়ু অর্থায়নের সামগ্রিক কাঠামোয় শিশু ও প্রান্তিক জনগোষ্ঠী যথাযথভাবে অন্তর্ভুক্ত হচ্ছে না।

তিনি বলেন, এ কারণেই সেভ দ্য চিলড্রেনের উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ। এসব কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা রয়েছে এবং এগুলো বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করা সম্ভব। জলবায়ু অর্থায়নের সুফল শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে পৌঁছে দিতে এ ধরনের কার্যকর উদ্যোগকে অর্থায়নের আওতায় আনা প্রয়োজন।

কপ-৩১-এর শিশু, যুব, শিক্ষা ও দক্ষতাবিষয়ক থিম্যাটিক দিবসের অংশ হিসেবে আয়োজিত এ সঞ্চালনা করেন সংস্থাটির ক্লাইমেট স্মার্ট এডুকেশন সিস্টেমস ইনিশিয়েটিভের (সিএসইএসআই) ম্যানেজার শোহাইল বিন সাইফুল্লাহ।

সেশনে বক্তব্য দেন সংরক্ষিত সংসদ সদস্য মনসুরা আক্তার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জাতিসংঘ উইংয়ের অতিরিক্ত সচিব ও উইং প্রধান এ কে এম সোহেল, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের (বিসিসিটি) ব্যবস্থাপনা পরিচালক রওনকুল ইসলাম, সাউথ সুদান চিলড্রেনস কাউন্সিলের প্রতিনিধি আমোকো, সেভ দ্য চিলড্রেন ইউকের সিনিয়র ক্লাইমেট অ্যাডভাইজার শ্রুতি আগরওয়াল এবং সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন