আমলাদের অসহযোগিতা, টেন্ডার ছাড়া সরকারি বরাদ্দ খরচ এবং নির্বাচিত সংসদ সদস্যদের উন্নয়নকাজে বাধা দেওয়ার কোনো সুযোগ নেই জানিয়ে জাতীয় সংসদে কঠোর বার্তা দিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। সুনির্দিষ্ট কোনো তথ্য বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
জাতীয় সংসদে স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন।
উদ্বেগ প্রকাশ করে হান্নান মাসউদ বলেন, অতীতে গড়ে ওঠা আমলাকেন্দ্রিক ব্যবস্থার কারণে নির্বাচিত জনপ্রতিনিধিরা প্রায়ই হেনস্তার শিকার হতেন এবং সেই মনোভাব এখনও পুরোপুরি কাটেনি। নির্বাচিত সংসদ সদস্যদের এড়িয়ে এবং বিভিন্ন বরাদ্দ টেন্ডারবিহীনভাবে খরচ করার অভিযোগ জানিয়ে তিনি ইতিপূর্বে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন উল্লেখ করে সরকারের অবস্থান স্পষ্ট করার দাবি জানান।
এর জবাবে সংসদ সদস্যকে ধন্যবাদ জানিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী সরকারের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রতিটি কাজে শতভাগ স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্ত করতে সরকারের কঠোর নির্দেশনা রয়েছে।
প্রতিমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, টেন্ডারবিহীনভাবে অর্থ খরচ করা কিংবা সংসদ সদস্য মহোদয়দের উন্নয়ন কাজে কোনো কর্মকর্তার বাধা সৃষ্টি করার বিন্দুমাত্র সুযোগ নেই। যদি এ ধরনের কোনো ঘটনার সুনির্দিষ্ট তথ্য বা লিখিত প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকার কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে।
তিনি আরো উল্লেখ করেন, বর্তমান সরকার সম্পূর্ণ দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ। নিয়োগ, পদোন্নতি ও পদায়নের প্রতিটি ক্ষেত্রে মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মাঠপর্যায়ে কোনো কর্মকর্তা স্বেচ্ছাচারিতা করলে কিংবা দায়িত্বে অবহেলা ও অনিয়মে জড়ালে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




