স্বামী-স্ত্রী উভয়েই চাকরি করুক—এটি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সন্তান লালন-পালন ও তাদের মানসিক বিকাশে বাবা-মায়ের প্রত্যক্ষ সান্নিধ্যের গুরুত্ব তুলে ধরতে গিয়ে তিনি এই ব্যক্তিগত অভিমত প্রকাশ করেন।
মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনে উপজেলা সহকারী প্রকৌশলীদের নবীনবরণ ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের ফাঁকে এক যুবকের সঙ্গে কথোপকথনকালে প্রতিমন্ত্রী বলেন, সমাজে স্বামী-স্ত্রী দুজন চাকরিজীবী হলে কোনো সমস্যা নেই, তবে এটি তার সম্পূর্ণ ব্যক্তিগত মতামত। তিনি কেন এটি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না—তার ব্যাখ্যা দিয়ে বলেন, পরিবারে উভয়ে চাকরিজীবী হলে তার নেতিবাচক প্রভাব গিয়ে পড়ে সন্তানদের ওপর।
তিনি আরো বলেন, সন্তান জন্ম নেওয়ার পর হয়তো প্রশ্ন উঠতে পারে যে, মেয়েরা কি শুধুই সন্তান মানুষ করার জন্য জন্ম নিয়েছে? বিষয়টির মূল জায়গা আসলে তা নয়। সন্তানকে হয়তো অন্য কেউ মানুষ করে দিতে পারে, কিন্তু বাবা-মায়ের প্রত্যক্ষ ছত্রছায়ায় সন্তান বেড়ে উঠলে তাদের মধ্যে সম্পূর্ণ আলাদা এক উপলব্ধি ও মানবিক গুণাবলি তৈরি হয়।
নিজের এই বক্তব্য যাতে ভিন্নভাবে ব্যাখ্যা না করা হয়, সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, এটি একদমই আমার ব্যক্তিগত অভিমত। মিডিয়ার ভাইয়েরা অনেক সময় যেকোনো বিষয়কে অন্যভাবে উপস্থাপন করে বলে দিতে পারে যে, একই পরিবারের দুজন চাকরি করুক তা মন্ত্রী চান না। পরিবারের দুজন চাকরি করুক তাতে কোনো আপত্তি নেই, তবে একজন চাকরি করলে পারিবারিক দিক থেকে ভালো হয়।’
কথোপকথনে উপস্থিত তরুণ জানান, তার মা পূর্বে গ্রামীণফোনে কর্মরত ছিলেন এবং সন্তানদের ভবিষ্যতের কথা বিবেচনা করে চাকরি ছেড়ে দিয়েছিলেন। এর প্রেক্ষিতে মীর শাহে আলম বলেন, মা চাকরি ছেড়ে দিয়ে সন্তানদের সময় দিয়েছেন বলেই আজ তিনি ইঞ্জিনিয়ার হতে পেরেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন




