নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ডে শিক্ষার্থীদের অসুস্থতার ঘটনায় জামায়াতের উদ্বেগ

নারায়ণগঞ্জে মাদরাসায় অগ্নিকাণ্ডে শিক্ষার্থীদের অসুস্থতার ঘটনায় জামায়াতের উদ্বেগ

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৭৯ জন শিক্ষার্থীর হাসপাতালে ভর্তি হওয়া এবং তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।

বিজ্ঞাপন

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে মাওলানা আবদুল হালিম বলেন, কোমলমতি শিক্ষার্থীদের এমন দুর্ভোগ অত্যন্ত বেদনাদায়ক। বিশেষ করে চারজন শিক্ষার্থীকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) এবং একজনকে লাইফ সাপোর্টে রাখার খবর আমাদের গভীরভাবে ব্যথিত করেছে। আমি আক্রান্ত সব শিক্ষার্থীর দ্রুত রোগমুক্তি কামনা করছি এবং উৎকণ্ঠায় থাকা পরিবারগুলোর প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছি।

আক্রান্ত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থা করতে হবে এবং শিক্ষার্থীদের চিকিৎসার যাবতীয় ব্যয়ভার বহনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এগিয়ে আসতে হবে।

মাদরাসায় আগুন লাগার কারণ প্রসঙ্গে তিনি বলেন, কী কারণে এবং কীভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে উদ্ঘাটন করতে হবে। অগ্নিকাণ্ডের পেছনে কারও অবহেলা, দায়িত্বহীনতা কিংবা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন