আগামী ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন চারটি পাঠ্যবইয়ের অনুমোদন দিয়েছে সরকার। রোববার জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটির আলাদা দুটি সভায় প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে এই অনুমোদন দেওয়া হয়।
চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নতুন দুটি বই হলো ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’। আর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’।
এর আগে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর আগামী শিক্ষাবর্ষ থেকে এই চারটি বই চালু করার ঘোষণা দেওয়া হয়েছিল।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি’র সভায় চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘বাংলাদেশের সংস্কৃতি’ ও ‘খেলাধুলা’ বই প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়।
সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জেসমিন নাহারের সভাপতিত্বে প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আব্দুল্লাহ এম ছালেহসহ কমিটির অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন।
এ ছাড়া, ‘জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি’র পৃথক একটি সভায় মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের জন্য ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ ও ‘আমার কারিগরি শিক্ষা’ শীর্ষক দুটি নতুন পাঠ্যপুস্তক প্রয়োজনীয় পরিমার্জন সাপেক্ষে অনুমোদন দেওয়া হয়। এ সভায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় প্রধান তথ্য কমিশনার ড. নাহরিন ইসলাম খানসহ কমিটির অন্যান্য সদস্য অংশগ্রহণ করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


