দেশে ব্যবহৃত অধিকাংশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে সরকার জনগণের স্বার্থে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান।
মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে সরকারের নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন।
দেশের বাজারে বিক্রি হওয়া বেশির ভাগ টুথপেস্টেই মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে। এ ব্যাপারে সরকার ব্যবস্থা নেবে কি না—এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, সরকার জননিরাপত্তার বিষয়টি খুব গুরুত্ব দিয়ে দেখছে। তবে মাইক্রোপ্লাস্টিক শুধু টুথপেস্টেই নয়, এটি একটি বিরাট ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। আপনি ওই টুথপেস্ট ব্যবহার না করলেও বিভিন্ন জায়গা থেকে মাইক্রোপ্লাস্টিক তৈরি হচ্ছে। সেগুলো আমাদের খাবার ও পানিতে ছড়িয়ে পড়ছে।
তিনি বলেন, এ বিষয়ে একটি সমন্বিত পদক্ষেপ প্রয়োজন। সমন্বিত পদক্ষেপ ছাড়া শুধু টুথপেস্ট বা অন্য কোনো একটি জায়গায় ব্যবস্থা নিলেই হবে না। তবে যেহেতু এগুলো এ পরিমাণে পাওয়া গেছে, সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো নিশ্চয়ই এ ব্যাপারে ব্যবস্থা নেবে।
তিনি আরও বলেন, ‘আমরা খেয়াল করছি যে জনগণের মধ্যে এখন স্বাস্থ্যসচেতনতা বাড়ছে। তারা বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা করছেন। জনগণের ভোটে নির্বাচিত সরকার জনগণের স্বার্থে অবশ্যই পদক্ষেপ নেবে।’
উল্লেখ্য, পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও) সম্প্রতি দেশের বাজারে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করে। তাদের গবেষণায় ২৬টি নমুনায়, অর্থাৎ প্রায় ৭৬.৫ শতাংশে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি শনাক্ত হয়েছে। শিশুদের জন্য বাজারজাত কয়েকটি টুথপেস্টেও এই ক্ষুদ্র প্লাস্টিক কণার উপস্থিতি পাওয়া গেছে।
এসআর
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


