আগামী শনিবার থেকে রোববার নাগাদ দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ শিলাবৃষ্টিও হতে পারে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সংস্থাটির সর্বশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, রংপুর, খুলনা ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একইভাবে আগামীকাল শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বিচ্ছিন্নভাবে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে শিলাবৃষ্টিও হতে পারে। এ ছাড়া সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এরপর আগামী শনিবার থেকে দেশের অধিকাংশ এলাকায় বিচ্ছিন্নভাবে ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসাথে শিলাবৃষ্টিও হতে পারে। এ অবস্থা রোববার নাগাদ থাকতে পারে। এরপর ধীরে ধীরে কমতে পারে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা আমার দেশকে বলেন, আগামীকাল শুক্রবার বৃষ্টিপাতের পরিমাণ কম থাকলেও বাড়বে আগামী শনিবার থেকে রোববার পর্যন্ত। তবে বর্ষাকালের মতো একাধারে অনেক সময় ধরে বৃষ্টির সম্ভাবনা নেই।
সংস্থাটির ঝড় সতর্কীকরণ কেন্দ্র বলছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৬১টি পর্যবেক্ষণ কেন্দ্রের মধ্যে সবচেয়ে বেশি ৫১ মিলিমিটার বৃষ্টি হয়েছে মানিকগঞ্জের আরিচায়। এছাড়া ঢাকায় ৪০, নারায়ণগঞ্জে ১২, চাঁদপুরে ৯, ফরিদপুরে ২ এবং নরসিংদীতে এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর আগের দিন বুধবার নেত্রকোনায় সবচেয়ে বেশি ৫৪, ময়মনসিংহে ২৩, কিশোরগঞ্জের নিকলিতে ১৯, মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৩, সিলেটে ১৩ মিলিমিটার, পটুয়াখালীতে ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়।
বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বান্দরবানে ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে ১৯ ডিগ্রি সেলসিয়াস।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

