অসহ্য ভ্যাপসা গরমে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

স্টাফ রিপোর্টার

অসহ্য ভ্যাপসা গরমে রাজধানীতে স্বস্তির বৃষ্টি
ফাইল ছবি

কয়েকদিনের তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমের পর আজ বিকাল সাড়ে চারটা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় শুরু হওয়া বৃষ্টিতে নগরবাসীর মনে স্বস্তি ফিরেছে।

রোববার বিকেল চারটা থেকে রাজধানী ঢাকার আকাশ কালো মেঘে ছেয়ে যায়। পরে বিকেল সাড়ে চারটা থেকে বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে। একই সঙ্গে প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া বইতে দেখা গেছে। এতে কিছুটা কমেছে তাপমাত্রা ও ভ্যাপসা গরমের অস্বস্তি।

বিজ্ঞাপন

নগরীর বাবুবাজার, সদরঘাট, গুলিস্তান, শান্তিনগর, মতিঝিল, কাকরাইল, মালিবাগ, কলাবাগান, পান্থপথ ও গ্রিন রোডসহ বিভিন্ন এলাকা থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে। কোথাও হালকা, কোথাও গুঁড়ি গুঁড়ি আবার কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হয়েছে বলে জানান স্থানীয়রা। আবহাওয়া অধিদপ্তর জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ কারণে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হচ্ছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছিল। আবহাওয়াবিদ আবদুল হামিদ জানিয়েছেন সন্ধ্যা ৬টার পর বৃষ্টিপাতের পরিমাণ জানা যাবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন