রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা তিন হাজার যাত্রী

রিয়াদে বিমানবন্দর বন্ধ, ঢাকায় আটকা তিন হাজার যাত্রী
ছবি: সংগৃহীত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় ঢাকায় ভোগান্তিতে পড়েছেন প্রায় তিন হাজার যাত্রী। এ পরিস্থিতিতে চারটি এয়ারলাইন্সের আটটি ফ্লাইট বাতিল হওয়ায় যাত্রীদের ভ্রমণসূচি নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

রোববার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ক্ষতিগ্রস্ত ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি, সৌদিয়া এয়ারলাইন্সের তিনটি এবং রিয়াদ এয়ারওয়েজের দুটি ফ্লাইট রয়েছে। সব মিলিয়ে এসব ফ্লাইটের ২ হাজার ৯৫১ জন যাত্রী পরিস্থিতির শিকার হয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের বিজি৩৩৯ ও বিজি৩৪০ ফ্লাইটও এর মধ্যে রয়েছে। শনিবার (১০ অক্টোবর) অনিবার্য পরিচালনগত কারণ দেখিয়ে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফ্লাইট দুটি স্থগিত রাখার ঘোষণা দেয় রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি। একই সঙ্গে যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানানো হয়।

রোববার বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জানায়, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় ফ্লাইটের সময়সূচি নতুন করে নির্ধারণ করা হচ্ছে। পরিবর্তিত সূচি ও ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে যাত্রীদের পরবর্তী ঘোষণা পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে।

এদিকে, বিমানবন্দর বন্ধের প্রভাব পড়েছে বাংলাদেশি এয়ারলাইন্সের পাশাপাশি সৌদি আরবের দুই সংস্থা সৌদিয়া ও রিয়াদ এয়ারওয়েজের ফ্লাইটেও। ফলে একাধিক এয়ারলাইন্সের যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কখন ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে, তা এখনো সংশ্লিষ্ট সংস্থাগুলোর পরবর্তী ঘোষণার ওপর নির্ভর করছে।

এ অবস্থায় যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি ও যাত্রার অবস্থা নিশ্চিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

এআরবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...